বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

হিরুর ওপর হামলায় দ্রুতবিচার আইনে মামলা

অনলাইন ডেস্ক n
  • আপডেট টাইম: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
বরগুনার সাবেক সংসদ সদস্য মো. গোলাম সরোয়ার হিরু (৭৬)-এর ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার আইনসহ একাধিক ধারায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে পাথরঘাটা থানায় মামলাটি দায়ের করা হয়। গত সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির সামনে হামলার শিকার হন হিরু।মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে।তাদের মধ্যে রয়েছেন পাথরঘাটা পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জসিম শিকদার ওরফে ইয়াবা জসিম, পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এনামুল হক ওরফে ইমু, উপজেলা শ্রমিক দলের সভাপতি কামাল হোসেন ওরফে গ্যাস কামাল, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল হোসেন ওরফে ডকইয়ার্ড দুলাল, একই ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ওরফে জামাল।অন্য আসামিরা হলেন আজাদ ওরফে ইয়াবা আজাদ, মো. রানা শিকদার, মো. জাকারিয়া ও সোহেল। এ ছাড়া অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় সাক্ষী করা হয়েছে ছয়জনকে।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারাসহ দণ্ডবিধির ৩০৭, ৩২৩, ৩২৫, ৪২৭ ও ৫০৬ ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।মামলার এজাহার অনুযায়ী, সোমবার বিকেল ৩টার দিকে একদল লোক  দেশীয় অস্ত্র নিয়ে সাবেক এমপি মো. গোলাম সরোয়ার হিরুর বাড়িতে ঢুকে হামলা চালায়। এতে গুরুতর আহত হন হিরু।তাঁকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় তাঁকে বাঁচাতে এগিয়ে এলে আরো অন্তত একজন আহত হন।এজাহারে বলা হয়েছে, পূর্বপরিকল্পিতভাবে লোহার রডসহ বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলায় সাবেক এমপির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং একাধিক হাড় ভেঙে যায়।
হামলার একপর্যায়ে তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়, যার আনুমানিক ক্ষতি দুই লাখ টাকা।উপজেলা শ্রমিক দলের সভাপতি কামাল হোসেন  বলেন, সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু একজন জনপ্রতিনিধি। তাঁর ওপর হামলার ঘটনায় তিনি নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। তবে ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।কামাল হোসেন বলেন, ঘটনার স্থান থেকে তাঁর বাড়ি প্রায় এক কিলোমিটার দূরে। রাজনৈতিক কারণে তাঁকে মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনার সময় ওই এলাকায় একাধিক সিসি ক্যামেরা ছিল উল্লেখ করে তিনি বলেন, সেগুলো পর্যালোচনা করলে প্রকৃত ঘটনা আরও স্পষ্ট হবে। এ বিষয়ে তিনি প্রশাসনকে অবহিত করেছেন বলেও জানান।হিরুর অভিযোগ, আসামিরা এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও সন্ত্রাস সৃষ্টি করে আসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এজাহারে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102