জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন সিলেট জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী ও জুলাইয়ে নিহত সাংবাদিক এটিএম তুরাবের ভাই আবুল আহসান জাবুর। গতকাল বৃহস্পতিবার সংগঠনের প্রধান সমন্বয়ক বরাবর পদত্যাগপত্র দাখিল করেন তিনি। এ নিয়ে সিলেটে এনসিপি থেকে নয়জন পদত্যাগ করলেন।
পদত্যাগপত্রে জাবুর লিখেছেন— তিনি এনসিপি সিলেট জেলার জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী। ব্যক্তিগত ও পারিবারিকভাবে ব্যস্ত থাকায় দলের কার্যক্রমে সময় দিতে পারছেন না। তাই স্বপদে বহাল থাকা নতুন রাজনৈতিক দলের বন্দোবস্তের মধ্যে পড়ে না। স্বেচ্ছায়, সজ্ঞানে অব্যাহতি ও পদত্যাগ করার কথা উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সমকালকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন জাবুর।







