মদন (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার মদনে সিএনজি, বেবিট্যাক্সি ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে মদন উপজেলা প্রেসক্লাব।
রবিবার (৮ নভেম্বর) মদন উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি মো. মালন মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আঙ্গুর, সিনিয়র সহসভাপতি সাখায়াত হোসেন ও সাংগঠনিক সম্পাদক রাজনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মদন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুল লতিফ মোতাহার হোসেন লিটনের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আঙ্গুর রহমান ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শামছুল হক চ্যাম্পিয়ন, ধর্মবিষয়ক সম্পাদক রায়হান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হোসাইন আহমেদ পরাগ।
এ ছাড়া নবনির্বাচিত কমিটির সভাপতি মো. মালন মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আঙ্গুর, সিনিয়র সহসভাপতি সাখায়াত হোসেন ও সাংগঠনিক সম্পাদক রাজন বক্তব্য দেন।
নবনির্বাচিত সভাপতি মো. মালন মিয়া তাঁর বক্তব্যে বলেন, মদন উপজেলার সাধারণ মানুষের সেবা করাই সিএনজি, বেবিট্যাক্সি ও অটোরিকশা শ্রমিকদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে হালাল উপার্জনের মাধ্যমে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করেন। তাঁরা যেন কোথাও নির্যাতন, হয়রানি কিংবা অযথা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে নবগঠিত কমিটি আন্তরিকভাবে কাজ করবে।
তিনি আরও বলেন, যাত্রী সাধারণের কাছ থেকে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় এবং চালকরা যাতে যাত্রীদের সঙ্গে ভালো আচরণের মাধ্যমে সঠিক সেবা নিশ্চিত করতে পারেন, সেদিকে বিশেষ নজর রাখা হবে। শ্রমিকদের অধিকার রক্ষা এবং যাত্রীসাধারণের স্বার্থকে গুরুত্ব দিয়ে মদন উপজেলার পরিবহন খাতে শৃঙ্খলা ও সেবার মান উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।