শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যাচ্ছে উত্তরার দারুল আজহার মডেল মাদ্রাসা মিছিলের প্রস্তুতি করাকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর ০২ জন গ্রেফতার উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১ তুরাগে ছাত্রলীগের সাবেক সভাপতি শিপন গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়ার আবেদন নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান- ডেপুটি স্পীকার উত্তরায় নিষিদ্ধ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

‘গণহত্যার বিরুদ্ধে খেলছি’, ইসরায়েল ম্যাচে আইরিশদের যত প্রতিবাদ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ইসরায়েলের বিপক্ষে ম্যাচ খেলবে কি না, তা নিয়েই শেষ মুহূর্ত পর্যন্ত ছিল অনিশ্চয়তা। চার ঘণ্টার আলোচনা ও ভোটাভুটির পর মাঠে নামার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। তবে মাঠে নেমেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে আইরিশরা। কালো আর্মব্যান্ড, জাতীয় সংগীতের সময় মাথা নিচু করে থাকা, হাত না মেলানো এবং শেষে ৩-০ গোলের জয়, সব মিলিয়ে ইসরায়েল ম্যাচটি হয়ে উঠে আয়ারল্যান্ডের প্রতিবাদের এক ব্যতিক্রমী অধ্যায়।

ম্যাচের আগে থেকেই উত্তাপ ছিল তুঙ্গে। আয়ারল্যান্ড কোচ হেইমির হালগ্রিমসন বলেছিলেন, ‘আমরা গণহত্যার বিরুদ্ধে খেলছি।’ তার মন্তব্যের কড়া সমালোচনা করে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন। হালগ্রিমসনের মন্তব্যকে ‘অজ্ঞতা ও মূর্খতা’ বলা হয়। ওদিকে দেশের জাতীয় দলের কোচের পক্ষ নিয়ে আইএফএর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান আয়ারল্যান্ড প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন। এর মধ্যেই আয়ারল্যান্ডের খেলোয়াড়রা ম্যাচটি না খেলার আহ্বান জানায়। শেষ পর্যন্ত আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএআই), কোচিং স্টাফ ও খেলোয়াড়দের মধ্যে চার ঘণ্টার বৈঠক শেষে ভোটাভুটিতে ম্যাচটি খেলার সিদ্ধান্ত নেয় হালগ্রিমসনের দল।

হাঙ্গেরির ডেব্রেসেনের নাগিয়ারদেই স্টেডিয়ামে ইসরায়েলের জাতীয় সংগীত বাজানোর সময় আইরিশ খেলোয়াড়রা মাথা নিচু করে দাঁড়িয়ে ছিলেন। তাদের ডাগআউটেও একই দৃশ্য। ম্যাচ শুরুর আগে দুই দলের মধ্যে প্রচলিত করমর্দন হয়নি, অধিনায়কদের মধ্যেও পতাকা বিনিময় হয়নি। আইরিশ ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছিল, গাজা সংঘাতে নিহতদের স্মরণেই খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরবেন।

এরপর মাঠে শুরু হয় আইরিশদের গোলের ঝড়। ১৪ মিনিটে ট্রয় প্যারট গোল করে এগিয়ে দেন আয়ারল্যান্ডকে। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন অ্যাডাম ইদাহ। ২৫ মিনিটে জ্যাক ময়লানের গোলে ৩-০ লিড নেয় আইরিশরা। প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিশ্চিত করে তারা।

 

ময়লানের গোল উদযাপনও হয়ে ওঠে প্রতিবাদের অন্যতম প্রতীকী মুহূর্ত। গোলের পর তিনি নিজের কালো আর্মব্যান্ড খুলে সেটি উঁচিয়ে ধরেন এবং তাতে চুমু দেন। এরপর চুমু দেন জার্সিতে থাকা আয়ারল্যান্ডের ব্যাজেও। তার এই উদযাপন সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। এই কালো বাহুবন্ধনী পরার সিদ্ধান্ত নিয়ে গত শনিবার এফএআই প্রধান নির্বাহী ডেভিড কুরেল বলেন, ‘(গাজা) সংঘাতে প্রাণ হারানো সবার স্মরণে’ এই প্রতীকী সম্মান।

 

এর আগে আয়ারল্যান্ডের নিয়মিত গোলরক্ষক গ্যাভিন বাজুনুও প্রতিবাদ হিসেবে ম্যাচ থেকে সরে দাঁড়ান। তিনি নিরীহ মানুষের হত্যার প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে খেলাকে নিজের নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেছিলেন। তার জায়গায় গোলবার সামলান কাওইমহিন কেলাহার।

মাঠে আয়ারল্যান্ডের পারফরম্যান্স ছিল একতরফা। মাত্র ২৫ মিনিটে তিন গোল করে তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। শেষ পর্যন্ত জয়ও আসে ৩-০ ব্যবধানে। এফএআই এর আগে জানিয়েছিল, আয়ারল্যান্ড সমর্থকদের কাছে এই ম্যাচের টিকিট বিক্রি করা হয়নি। কিন্তু গ্যালারিতে কিছুসংখ্যক আয়ারল্যান্ড সমর্থককে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102