সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের শুনানি ২৬ অক্টোবর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে বার কাউন্সিলের নির্দেশনা চেয়ে করা আবেদনের শুনানির জন্য ২৬ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ সোমবার এই তারিখ নির্ধারণ করেন।

এদিন প্রসিকিউশনের পক্ষে সময় চান প্রসিকিউটর মিজানুল ইসলাম। সালমান এফ রহমানের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরীসহ অন্য আইনজীবীরা।

প্রসিকিউটর মিজানুল ইসলাম ট্রাইব্যুনালকে জানান, বিদেশি আইনজীবী নিয়ে বার কাউন্সিলকে নির্দেশনা দেওয়ার আবেদনটি গুরুত্বপূর্ণ। এ বিষয়ে শুনানির সময় চিফ প্রসিকিউটরের উপস্থিতি প্রয়োজন। বর্তমানে তিনি ছুটিতে রয়েছেন। এছাড়া মামলাটি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তাই অক্টোবরের শেষের দিকে শুনানির তারিখ দিলে ভালো হয়।

এ সময় ট্রাইব্যুনালের উদ্দেশে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন, আবেদনটি অনেক পুরোনো। এ বিষয়ে ট্রাইব্যুনাল একটি আদেশও দিয়েছেন। তবে মামলার বিচার চলার মধ্যে বিদেশি আইনজীবীর উপস্থিতি প্রয়োজন। উভয়পক্ষের বক্তব্যর পর পরবর্তী শুনানির জন্য ২৬ অক্টোবর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে চেয়ে ১৪ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের কাউন্সেল গ্রায়েম এল হল। আবেদনটি ২৪ আগস্ট গ্রহণ করে বার কাউন্সিল।

এর আগে, ২০২৫ সালের ১০ ডিসেম্বর বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আবেদন করেন মুনসুরুল হক চৌধুরী। এ মামলায় সালমান এফ রহমান ছাড়াও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে এরই মধ্যে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন ১২ জন সাক্ষী।

চলতি বছরের ১২ জানুয়ারি সালমান ও আনিসুলের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102