মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

ইরান-পাকিস্তান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে শান্তির পথ খুঁজতে পাকিস্তান ও ইরানের মধ্যে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। মঙ্গলবার তেহরান সফর শেষে তিনি এ কথা বলেন।

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইরানের নেতাদের সঙ্গে বৈঠক করে। পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, বৈঠকে সংঘাত আরো ছড়িয়ে পড়া ঠেকানো, হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া এবং দ্রুত সংঘাত বন্ধ করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান নিয়েও দুই পক্ষ মতবিনিময় করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নাকভি বলেন, ইরানের প্রেসিডেন্ট তার সরকারের অবস্থান খোলাখুলিভাবে তুলে ধরেছেন।

বৈঠকে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে দুই পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এর আগে সোমবার রয়টার্স জানায়, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তেহরান সফরের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন।

গত সপ্তাহে ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন প্রচেষ্টায় কোনো দেশ কোনো ধরনের সহায়তা করলে তাদের অর্থনৈতিক শাস্তির মুখে পড়তে হতে পারে। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চল থেকে সব ধরনের তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে।

এ পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে ইরানের আলোচনাকে চলমান সংঘাত কমানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102