একজন মাদক কারবারি ইয়াবা বিক্রি করে ১০০ কোটি টাকা দিলেও আমি নেব না বলে বক্তব্য দিয়েছেন পিরোজপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে পিরোজপুর পৌরসভায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চুরির বিরুদ্ধে আয়োজিত সামাজিক প্রতিরোধমূলক সচেতনতামূলক সভায় তিনি এ বক্তব্য দেন।
তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
শরিফুল ইসলাম বলেন, আমাদের সমাজ আমাদেরই ভালো করতে হবে। বাইরে থেকে কোনো জিন-পরী এসে সমাজ ভালো করে দেবে না। চীন, রাশিয়া কিংবা আমেরিকা এসে আমাদের সমাজ ভালো করে দেবে না।
আপনার ছেলে-মেয়ের ভবিষ্যৎ আপনাকেই গড়তে হবে। বাড়ির আশপাশের কোনো মেম্বার কিংবা ওসি এসে সব ঠিক করে দেবে–এমনটা ভাবলে হবে না।
তিনি আরো বলেন, মাদক কারবারি পাঁচজন, সন্ত্রাসী পাঁচজন—মোট ১০ জন। আর সমাজে মানুষ ৫০০ জন।
এই ৫০০ জনকে কীভাবে ওই ১০ জন ভয় দেখায়, আমি চিন্তা করে পাই না। আপনারা মনে জোর রাখবেন। এই সমাজ আমাদের। আমরা সবাই মিলে ভালো থাকব।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আহসান কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।