সারাদেশে মাদ্রাসা শিক্ষাবোর্ডে প্রথম উত্তরার তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা
২০২৬ সালের দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ২২৯ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই উত্তীর্ণ হয়েছে।
তাদের মধ্যে ১৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৫৮ শতাংশ। এছাড়া ৮৬ জন শিক্ষার্থী জিপিএ-৪ অর্জন করেছে।
প্রতিষ্ঠানের এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। ফলাফল প্রকাশের পর মাদরাসা কর্তৃপক্ষ কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে।
তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এইচ এম আবদুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের পাশাপাশি শিক্ষক, অভিভাবক এবং প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। আমরা শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করছি। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা বিভিন্ন বোর্ড পরীক্ষায় ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছে। ইবতেদায়ি শিক্ষা সমাপনী, জেডিসি ও দাখিল পরীক্ষায় একাধিকবার প্রথম স্থান অর্জনের পাশাপাশি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা মোট ১৮ বার বোর্ডের মেধাতালিকায় স্থান পেয়েছে।
এ ছাড়া আলিম পরীক্ষায় এ প্লাসসহ শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি। একাডেমিক সাফল্যের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায়ও তানযীমুল উম্মাহর শিক্ষার্থীরা একাধিকবার প্রথম স্থান অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছে।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি কুরআন-সুন্নাহভিত্তিক নৈতিক ও আদর্শিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই তানযীমুল উম্মাহর অন্যতম লক্ষ্য।