বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প ৪ মাস পর দেশে ফিরলেন হরমুজে আটকে থাকা ১৭ নাবিক নিজ শহর রোজারিওতে ফিরলেন লিওনেল মেসি কাওলায় বিএনপি নেতা জুলহাস পারভেজ মোল্লার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তকর মন্তব্যের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ জুলহাস পারভেজ মোল্লাকে নিয়ে বক্তব্যের প্রতিবাদে কাওলায় বিক্ষোভ সমাবেশ বিমান দুর্ঘটনায় শহীদদের স্মরণ করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর আজ শোক, স্মৃতি ও শ্রদ্ধায় স্মরণ বিশ্বকাপ শেষে ফুটবলারদের উদ্দেশে এএফএর হৃদয়ছোঁয়া বার্তা কলমাকান্দায় উপদাখালীর পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত নিম্নাঞ্চল টলির ধাক্কায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২ যুবক

৪ মাস পর দেশে ফিরলেন হরমুজে আটকে থাকা ১৭ নাবিক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২২ জুলাই, ২০২৬

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তাসংকটের কারণে প্রায় চার মাস হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি ‘বাংলার জয়যাত্রা’র ১৭ বাংলাদেশি নাবিক দেশে ফিরেছেন। দীর্ঘ অনিশ্চয়তা ও উদ্বেগের পর স্বজনদের কাছে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন তারা।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টা ৪২ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। বিমানবন্দরে পরিবারের সদস্যদের সঙ্গে আবেগঘন পুনর্মিলনের পর নাবিকরা নিজ নিজ গন্তব্যে রওনা হন।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দর থেকে বিমানে যাত্রা করে তারা দেশে ফিরেছেন।

জাহাজে কর্মরত নাবিকদের পর্যায়ক্রমে দেশে ফেরানোর পরিকল্পনার অংশ হিসেবে প্রথম দফায় ১৭ জনকে ফিরিয়ে আনা হয়েছে।
বিএসসির তথ্য অনুযায়ী, দেশে ফেরা নাবিকদের মধ্যে জাহাজের মাস্টার, চিফ অফিসার, বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, ক্যাডেট ও রেটিং রয়েছেন। তাদের দায়িত্ব পালনের জন্য এরই মধ্যে নতুন ১৭ জন নাবিক দক্ষিণ আফ্রিকার ডারবানে পৌঁছে এমভি বাংলার জয়যাত্রায় যোগ দিয়েছেন।

বিএসসির মহাব্যবস্থাপক (শিপ পারসোনেল বিভাগ) ক্যাপ্টেন জিয়াউর রহমান জানান, জাহাজটি বর্তমানে নির্ধারিত বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

পরবর্তী পণ্য খালাস ও বোঝাই শেষে আগামী কয়েক দিনের মধ্যে এটি ডারবান বন্দর ত্যাগ করবে। এরপর জাহাজটির সম্ভাব্য গন্তব্য মালয়েশিয়া। সেখানে পৌঁছানোর পর জাহাজে থাকা অবশিষ্ট ১৪ বাংলাদেশি নাবিক দেশে ফিরবেন।
তিনি বলেন, দীর্ঘ সময় সমুদ্রে দায়িত্ব পালন, যুদ্ধ পরিস্থিতির কারণে অনিশ্চয়তার মধ্যে থাকা এবং মানসিক চাপের বিষয়টি বিবেচনায় নিয়েই প্রথম ধাপে ১৭ জনকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি এবং হরমুজ প্রণালিতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ার পর এমভি বাংলার জয়যাত্রাসহ ওই অঞ্চলে থাকা বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজের চলাচল ব্যাহত হয়। ফলে জাহাজটির বাংলাদেশি নাবিকদের নির্ধারিত সময়ের অনেক বেশিদিন জাহাজে অবস্থান করতে হয়। দীর্ঘ প্রতীক্ষার পর প্রথম দফায় ১৭ নাবিকের দেশে ফেরায় স্বস্তি প্রকাশ করেছে তাদের পরিবার এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102