বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

পেছানো হলো মানবতাবিরোধী অপরাধের ৩ মামলার বিচারকাজ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
জুলাই অভ্যুত্থানে সংঘটিত তিনটি মামলার বিচারকাজ পেছানো হয়েছে। সাক্ষী আনতে না পারায় পেছানো হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ।আজ বৃহস্পতিবার ৭ নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। প্রসিকিউশনের আবেদনে সেই সাক্ষ্যগ্রহণ ১০দিন পিছিয়ে আগামী ১৫ জুন তারিখ রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।এ মামলায় জয় ও পলকের বিরুদ্ধে চব্বিশের গণআন্দালন চলার সময় ইন্টারনেট বন্ধ করে আন্দোলনকারীদের হত্যার তথ্য আড়াল, হত্যাযজ্ঞে উসকানি, ষড়যন্ত্রসহ মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে। সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকায় আজ পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়জয়কে পলাতক দেখিয়ে চলছে বিচারকাজ।

এ ছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ১৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানিও পেছানো হয়েছে। এ মামলায় গ্রেপ্তার আছেন ৪ জন। তাঁদের মধ্যে সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর আইনজীবী এম হাসান ইমাম আজ ট্রাইব্যুনালকে বলেন, বয়সজনিত নানা রোগে ভুগছেন ফজলে করিম চৌধুরী।এর মধ্যে একদিন ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার পথে ঘাড়ে গুরুতর আঘাত পেয়েছেন। চিকিৎসার জন্য তাঁকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) ভর্তি করা হয়েছে। ফলে শুনানির জন্য সময় প্রয়োজন।আর মামলার প্রয়োজনীয় কাগজপত্র প্রসিকিউশন থেকে সরবরাহ করা হয়নি। ফলে শুনানির জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি বলে দাবি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন, আবুল হাসান, ইশরাত জাহান ও মোহাম্মদ এনাম।পরে এসব বিবেচনায় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ শুনানি ১৮ দিন পিছিয়ে দেন। আগামী ২২ জুন শুনানির তারিখ রাখা হয়েছে বলে কালের কণ্ঠকে জানান প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমিন। শুনানির দিন থাকায় গ্রেপ্তার বাকি ৩ আসামিকে ট্রাইব্যুনালে হিাজির করা হয়। তারা হলেন যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম ও মো. ফিরোজ।এ মামলার আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ এবং মো. ফারুককে হত্যা করার কথা উল্লেখ আছে। দ্বিতীয় অভিযোগে ২০২৪ সালের ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যা এবং তৃতীয় অভিযোগে শতাধিক মানুষকে গুরুতর আহত করার কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ ৪ আসামির বিরুদ্ধে মামলায় আজ প্রসিকিউশনের তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। প্রসিকিউশনের সময় আরজির পরিপ্রেক্ষিতে যুক্তিতর্ক দুই দিন পিছিয়ে আগামী ৭ জুন তারিখ রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। হানিফ ছাড়া মামলার অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। সব আসামিই পলাতক। জুলাই অভ্যুত্থানের সময় উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র ও কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ৩টি অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102