শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

দেশকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করতে বিএনপি সরকার প্রয়োজন: খায়রুল কবির খোকন

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, দীর্ঘ সতেরো বছর ধরে দেশকে লুটপাট করে খাদের কিনারায় দাঁড় করানো হয়েছে। এই খাদের কিনারা ও ধ্বংসস্তূপ থেকে দেশকে উদ্ধার করতে হলে একমাত্র বিএনপির সরকারই প্রয়োজন। সরকার পরিচালনার সক্ষমতা বিএনপি ছাড়া আর কোনো দলের নেই। তাই আগামী দিনে জনগণ বিএনপিকেই ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে।

শনিবার (১০ জানুয়ারি) নরসিংদীর করিমপুর ইউনিয়নের রসুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, বেগম খালেদা জিয়া দেশের জন্য যে অবদান রেখে গেছেন, তার প্রমাণ তার জানাজায় এক কোটি ৪০ লক্ষাধিক মানুষের অংশগ্রহণ। যা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। তিনি ছিলেন গণমানুষের নেত্রী।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশের মাটিতে প্রায় ১০ হাজার কিলোমিটার দূরে থেকেও দেশের মানুষকে উদ্বুদ্ধ ও সংগঠিত করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছেন। জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে, যার ফলশ্রুতিতে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।

করিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান কাজলের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি গোলাম কবির কামাল, সদর বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল রউফ ফকির রনিসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102