দক্ষিণখানের ৪৭ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেন।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে তার বাসভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেন এস এম জাহাঙ্গীর হোসেন এমপি। পরে দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হেলাল তালুকদার তার কার্যালয় প্রাঙ্গণে তথ্য সংগ্রহকারী ও তত্ত্বাবধায়কদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় হেলাল তালুকদার জানান, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় সংশ্লিষ্ট পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। পুরো কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে তিনি সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচনের সময় স্থানীয় ও জাতীয় পর্যায়ে জনগণের কাছে বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এর মধ্যে অন্যতম ছিল ফ্যামিলি কার্ড কর্মসূচি। সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরুর মধ্য দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম একটি বাস্তবায়নের কাজ এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ করা হবে। বিগত বিএনপি সরকারের সময়ও এ ধরনের প্রতিশ্রুতি বাস্তবায়নের নজির রয়েছে। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে।
এ সময় তিনি তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত সবাইকে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।