রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মিরপুরে শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রতিদিন মাঠে থাকবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ টিম হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে আজও পোশাক শ্রমিকদের অবরোধ ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি আট মাসেই দেশ ধ্বংস করে দিয়েছে সরকার: গোলাম পরওয়ার এইচএসসিতে মাইলস্টোন কলেজের গৌরবময় সাফল্য, ইংরেজি ভার্সনে পাসের হার ১০০%, গড় পাসের হার ৯৯.৮৩% উত্তরার ৪৭ নম্বর ওয়ার্ড দক্ষিণখানে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে উঠান বৈঠক রাজধানীর উত্তরায় সাংবাদিকের ওপর মাদক বিক্রেতাদের হামলা, টাকা ও গাঁজাসহ দেশীয় অস্ত্র উদ্ধার এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ কীভাবে, নিয়ম জানাল শিক্ষাবোর্ড

মিরপুরে শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

রাজধানীতে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের আড়ালে নাশকতা ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির মিরপুর বিভাগের অভিযানে মিরপুর-১০ ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খান। তিনি বলেন, কয়েক দিন ধরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকেরা আন্দোলন করছেন। তবে আন্দোলনের মধ্যে সহিংসতা, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সাধারণ শ্রমিকদের ব্যবহার করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে শ্রমিক লীগের একজন নেতা, আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং যুবলীগের একজন কর্মী রয়েছেন। তারা হলেন মো. কামাল গাজী (৩২), মো. ওলিউল্লাহ অনিক (২০), আলিফ হোসেন ইমন (২৬), মো. নাহিদ হাসান (১৮), আরিফ আকন্দ (২৯), জায়েদ করিম রিয়াজ (২৪), মো. রমজান সরকার (১৮), মোয়াজ্জেম শাহরিয়া নিয়াজ, জুবায়েদ ইসলাম জিসান (২২) এবং মো. মাহিম মোল্লা (১৯)।

পুলিশের তথ্য বলছে, কামাল গাজী শ্রমিক লীগের সহসাধারণ সম্পাদক। শ্রমিক আন্দোলনে মিছিল ও ভাঙচুরের জন্য লোক সংগ্রহের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওলিউল্লাহ অনিককে আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও পিকেটার হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। গ্রেপ্তার অন্যদের মধ্যে রমজান সরকার যুবলীগের সক্রিয় কর্মী। বাকি ব্যক্তিদের আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি পটুয়াখালী, কুষ্টিয়া, মুন্সীগঞ্জ, পঞ্চগড়, গাইবান্ধা, কক্সবাজার, পাবনা, সাভার ও মাদারীপুরে। পুলিশের তথ্য অনুযায়ী, তাদের বেশির ভাগই রাজধানীর মিরপুর, পল্লবী, রূপনগর, কাফরুল ও উত্তরা এলাকায় বসবাস করতেন।

এদিকে শ্রমিক আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের অংশগ্রহণের বিষয়টিও সামনে এসেছে। তাদের একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রকাশিত বিভিন্ন পোস্ট ও ভিডিওতে তাকে শ্রমিক আন্দোলনে অংশ নিতে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

ডিবির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খান জানান, নাশকতার চেষ্টায় প্রায় শতাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন বলে তাদের কাছে তথ্য রয়েছে। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে।

Source- ইত্তেফাক

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102