রাজধানী উত্তরার ৪৭ নম্বর ওয়ার্ড দক্ষিণখানে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চালাবন ভাই ভাই মার্কেট এলাকায় আয়োজিত এ সভায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক ও ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হেলাল তালুকদার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হায়দার কবীর মিথুন, আল-আমিন সরকার, শফিউল্লাহ ও মুক্তার মাহমুদ খান। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন কামাল উদ্দিন। সঞ্চালনায় ছিলেন সেলিম রেজা ও কৌশিক হাসান।
আয়োজকরা জানান, এলাকার তরুণ ও যুবসমাজকে মাদক, কিশোর গ্যাং এবং চাঁদাবাজির মতো সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে জনসচেতনতা বাড়ানো জরুরি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের ঐক্যবদ্ধ করে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।