আইপিইউ সম্মেলন-২০২৬-এ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এর আইপিউ এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৩৭ টি দেশের চেয়ারম্যান পদ লাভ ও নারী সংসদ সদস্য ব্যারিস্টার জাহরাত আদিব চৌধুরীর আইপিইউর নির্বাহী কমিটির সদস্য হিসেবে ভোটে মঙ্গলিয়াকে হারিয়ে নির্বাচিত হওয়া এবং সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে গৃহীত বিশেষ কিছু উদ্যোগ নিয়ে C Plus TV কে ১০ অক্টোবর সম্মেলন চলাকালীন একটি একান্ত সাক্ষাৎকার প্রদান করেছেন্য চট্টগ্রামের কৃতি সন্তান সাঈদ আল নোমান এমপি।
C-Plus টিভিকে জনাব সাঈদ আল নোমান জানান প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের বর্তমানে বিদ্যমান সমস্যগুলো নিরসনে সম্মেলনের সাইড লাইন বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের সংসদ (ফেডারেল ন্যাশনাল কাউন্সিল)-এর প্রতিরক্ষা, অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়ক কমিটির চেয়ারম্যান ড. রশিদ আল নুয়াইমির সাথে একান্তে বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম , জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিষ্টার জহরত আদিব চৌধুরী এবং সংসদ সদস্য সাঈদ আল নোমান বৈঠকে অংশগ্রহণ করেন।
সাক্ষাৎকারে সংসদ সদস্য সাঈদ আল নোমান আরো জানান বাংলাদেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজীকরণ, ভিসা নবায়ন, কর্মস্থলে নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং অন্যান্য সমস্যা সমাধানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে মিছিল করে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন ও দেশের মানুষের ওপর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ করায় ২৪ এর আন্দোলনের সময় সেই দেশে আটক হওয়া শতাধিক বাংলাদেশি প্রবাসীকে সাধারণ ক্ষমা করে মুক্তি দেওয়ায় বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
ড. রশিদ আল নুয়াইমির সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকটি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সমস্যা সমাধানকল্পে জনাব সাঈদ আল নোমান, এমপির গত দুই থেকে তিন মাস ধরে চালিয়ে যাওয়া উদ্যোগ ও নিরলস প্রচেষ্টার ফল। এক প্রশ্নের জবাবে জনাব সাঈদ আল নোমান বলেন চট্টগ্রাম সহ বাংলাদেশের সকল প্রবাসী শ্রমিকদের সকল প্রাপ্য অধিকার আদায়ে তিনি সবসময় সোচ্চার থাকবেন। তিনি প্রবাসী একজন শ্রমিককে একজন ব্যক্তি হিসেবে না দেখে বরং একটি বর্ধিত বাংলাদেশী পরিবার, সমাজ এমনকি পুরো বাংলাদেশ হিসেবে বিবেচনা করেন। কারণ তার প্রেরিত রেমিট্যান্স গোটা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বিশ্লেষকদের মতে আরব আমিরাতের প্রবাসী শ্রমিকদের সমস্যা সমাধানে সংসদ সদস্য সাঈদ আল নোমানের এই উদ্যোগ বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধাদের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে বড় ধরনের ইতিবাচক ভূমিকা রাখবে।