রাজধানীর শেরেবাংলানগর থানার আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের সামনে প্রাইভেট কারের ধাক্কায় আহত জিসান (৪) নামের এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পশ্চিম আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের সামনে খেলাধুলার সময় সড়কে নামতে গিয়ে প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হয় জিসান।
পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) তার মৃত্যু হয়।
মৃত শিশুর বাবা আলী আকবর জানান, বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে পশ্চিম আগারগাঁওয়ে তাদের বাসার পাশে বিজ্ঞান জাদুঘরের সামনে জিসান খেলাধুলা করছিল। এক পর্যায়ে আইল্যান্ড থেকে রাস্তায় নামার সময় একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে প্রথমে নিউরোসায়েন্স ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শেরেবাংলানগর থানায় জানানো হয়েছে।
নিহত জিসান ভোলা জেলার লালমোহন উপজেলার ব্যবসায়ী আলী আকবরের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়।