ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে দুই যাত্রীর ব্যাগ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়েছে। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের (এ-শিফট) কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। এ সময় দুবাই থেকে আসা এমিরেটসের একটি ফ্লাইটের যাত্রী রোমান মিকাইলভ গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার সব ব্যাগেজ স্ক্যান করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৭৮ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায়।
এনবিআর জানায়, ওই যাত্রী বিদেশি পাসপোর্টধারী হওয়ায় প্রযোজ্য ব্যাগেজ রুলস অনুযায়ী তাকে ১ লিটার মদ শুল্কমুক্তভাবে আমদানির অনুমতি দেওয়া হয়। বাকি ৭৭ দশমিক ৫০ লিটার মদ আটক করা হয়।
অন্যদিকে, গত ২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে তুর্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা যাত্রী সামিউল ইসলাম গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার ব্যাগেজ স্ক্যান করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে আরও ৪ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায়। ওই মদও আটক করা হয়।
এনবিআর জানায়, দুই ঘটনায় অনুমোদিত ১ লিটার বাদ দিয়ে মোট ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, গ্রিন চ্যানেলসহ বিমানবন্দরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।