সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

রূপসায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের মমিনবাগ বিলের একটি মাছের ঘের থেকে মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের ফ্রেশ ফুডসের পেছনে মমিনবাগ বিলের একটি মাছের ঘেরের পানির মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত বাপ্পি রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনি এলাকায় নিয়মিত থাকতেন না। বিভিন্ন স্থানে ছদ্মবেশে অবস্থান করতেন বলেও প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, বাপ্পির শরীরে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মাথায়ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে। এতে ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহটি মাছের ঘেরে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং কোথায় তাকে গুলি করা হয়েছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ব্যক্তির নাম বাপ্পি। তিনি এলাকায় নিয়মিত থাকতেন না বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, কী কারণে তাকে হত্যা করা হয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কোনো বিষয় সম্পৃক্ত আছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে দিনের শুরুতেই মাছের ঘের থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102