নির্বাচন কমিশন যেন চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনগুলো শেষ করে, এটা সরকারের চাওয়া বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘ইসি যেভাবে কথা বলেছে তাতে আমার কাছে মনে হচ্ছে না যে এ বছর স্থানীয় সরকার নির্বাচন হবে।
চলতি মাসের শেষে বা অক্টোবরের প্রথম সপ্তাহে মিটিং করে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি।’
আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘ইসি আগামী বছরের ৬ জুন স্থানীয় সরকার নির্বাচনের শেষ সময় দিয়েছে। তাতে মনে হয় যে উনারা আগামী বছর থেকেই শুরু করতে চাচ্ছে।
তবে কবে থেকে নির্বাচন শুরু হবে বা শেষ হবে, সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, রমজান, এসএসসি পরীক্ষা এবং ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার বিষয়গুলো বিবেচনায় নিয়ে ইসি নির্বাচনের সময়সূচি নির্ধারণ করতে পারে। ভোটকেন্দ্র হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহারের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।
প্রায় ছয় হাজার কোটি টাকা ব্যয়ের হিসাব
পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে ইসির প্রাথমিক হিসাবে প্রায় ছয় হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে জানান মীর শাহে আলম।
এর মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় দুই হাজার ৭০০ থেকে দুই হাজার ৮০০ কোটি টাকা এবং উপজেলা নির্বাচনে দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৩০০ কোটি টাকা ব্যয় হতে পারে।
পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে তুলনামূলক কম অর্থ প্রয়োজন হবে বলে জানান তিনি। তার ভাষ্য, সম্ভাব্য এ ব্যয়ের পরিমাণের কাছাকাছি অর্থ দেওয়ার প্রস্তুতি সরকারের রয়েছে। তবে চূড়ান্ত হিসাবের সঙ্গে এর কিছুটা কমবেশি হতে পারে।