নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে। শনিবার সকালে নেপালের পুলিশ এক হালনাগাদ তথ্যে এ সংখ্যা জানিয়েছে।
তবে এর আগে ভুল করে ৬২৬ জন নিহত হওয়ার খবর প্রকাশ করা হয়েছিল। তথ্য অনুয়ায়ী, নেপাল ও তিব্বত, দুই অঞ্চলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় অন্তত ৬২৩ জন।
পুলিশ জানিয়েছে, নেপালে বন্যায় আহত হয়েছেন ২ হাজার ৩০১ জন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ছাড়া নেপাল ও চীনের সীমান্তের উভয় পাশে প্রায় ২ হাজার ৫০০ মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
নিখোঁজদের মধ্যে কয়েক ডজন মার্কিন নাগরিকসহ অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন। তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং বিভিন্ন কর্তৃপক্ষ নিখোঁজের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে।
তিব্বতের পরিস্থিতি সম্পর্কে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে তথ্য নেওয়া হচ্ছে।
এ বিষয়ে বিবিসির চীনবিষয়ক সংবাদদাতা জানিয়েছেন, তিব্বতের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে।
এদিকে নেপালে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নাগরিকদের সহায়তায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। রাখীবন্ধন উপলক্ষে দেওয়া এক ভাষণে তিনি জানান, দুর্গম এলাকায় আটকে পড়া সাড়ে চার হাজারের বেশি মানুষকে সফলভাবে উদ্ধার করা হয়েছে।