বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

কাঠের সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

গ্রামবাসীর উদ্যোগে তৈরি কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে সাঁকো ভেঙে নদীতে পড়ে যান সংসদ সদস্যের সঙ্গে থাকা জামায়াত নেতারা। এ ঘটনায় কয়েকজন আহত হলেও কারো অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

এ সময় অল্পের জন্য রক্ষা পেয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার।
আজ বুধবার সকালে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নেতাকর্মীদের নিয়ে নাউতারা নদীর ওপর নির্মিত কাঠের সাঁকো পরিদর্শনে গিয়েছিলেন সংসদ সদস্য।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সংসদ সদস্য ও জেলা জামায়াত আমির আব্দুস সাত্তার।

তিনি কালের কণ্ঠকে বলেন, ‘এলাকাবাসী নিজেদের অর্থায়নে একটি কাঠের ব্রিজ তৈরি করেছে। নেতাকর্মীদের নিয়ে সেটি পরিদর্শনে গিয়েছিলাম। ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ওঠার পর পেছনের অংশ ভেঙে পড়ে। সেখানে কয়েকজন পড়ে জামাকাপড় ছিঁড়ে গেছে এবং তিনজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, নাউতারা নদীর নাটাবাড়ী এলাকায় কোনো স্থায়ী ব্রিজ নেই। যাতে নদী পারাপারে ভোগান্তি পোহাতে হয় দুই পাশের বাসিন্দাদের। নিজেদের অর্থায়নে একটি কাঠের সাঁকো নির্মাণ করেন স্থানীয়রা। আজ বুধবার সকালে সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাঁকোটি পরিদর্শনে যান। এ সময় সাঁকোটির একাংশ ভেঙে এমপির সঙ্গে থাকা নেতাকর্মীরা নদীতে পড়ে যান।

স্থানীয়দের অভিযোগ, অনেক মানুষ এক সঙ্গে সাঁকোর ওপর ওঠায় এটি ভেঙে গেছে। স্থানীয় বাসিন্দা আজিমুল ইসলাম বলেন, ‘লোকজন বেশি হওয়ায় হঠাৎ করে ব্রিজটির একটি অংশ ভেঙে কয়েকজন নিচে পড়ে যান। সংসদ সদস্য যে অংশে দাঁড়িয়েছিলেন, সেটি ভাঙেনি।’

ওই এলাকায় একটি স্থানীয় ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছেন এমপি আব্দুস সাত্তার। তিনি বলেন, ‘সরকারি অর্থায়নে ব্রিজ নির্মাণের জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102