চট্টগ্রামের সন্দ্বীপে বিরল প্রজাতির একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি ‘অলিভ রিডলি’ প্রজাতির কচ্ছপ, যা বিশ্বব্যাপী সংকটাপন্ন প্রাণী হিসেবে পরিচিত।
শনিবার (৯ আগস্ট) সকালে সন্দ্বীপ চ্যানেলসংলগ্ন মগধরা ইউনিয়নের নতুন চরে কচ্ছপটি আটকে পড়ে। পরে বন বিভাগের উদ্যোগে সেটিকে উদ্ধার করে সন্ধ্যায় সাগরে অবমুক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মগধরা ইউনিয়নের বাসিন্দা রাখাল মিজান প্রতিদিনের মতো গরুর পাল নিয়ে সন্দ্বীপ চ্যানেলসংলগ্ন নতুন চরে যান। সেখানে তিনি বিশাল আকৃতির কচ্ছপটি ডাঙায় পড়ে থাকতে দেখেন।
দীর্ঘ সময় পানির বাইরে থাকলে প্রাণীটি মারা যেতে পারে— এমন আশঙ্কায় তিনি দ্রুত কচ্ছপটি উদ্ধার করে কাছের কেওড়া বনের ভেতরে পানিভর্তি একটি গর্তে রাখেন।
পরে স্থানীয় বাসিন্দা নুরুজ্জামান কচ্ছপটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি বন বিভাগের নজরে আসে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি উদ্ধার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সন্ধ্যায় সন্দ্বীপ চ্যানেলে কচ্ছপটি অবমুক্ত করা হয়।
সন্দ্বীপ রেঞ্জ কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কচ্ছপটি উদ্ধারের ব্যবস্থা করি। পরে সেটিকে নিরাপদে সন্দ্বীপ চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোসলেম উদ্দিন মুন্না বলেন, এটি পৃথিবীর বিরল ও সংকটাপন্ন প্রজাতির কচ্ছপ। বাংলাদেশে সাধারণত সাগর ও উপকূলীয় এলাকায় এদের দেখা যায়।