শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

ইনফান্তিনোকে নরওয়ে ফুটবল প্রধানের আল্টিমেটাম

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর বিশ্ব ফুটবল সম্প্রদায়ের আস্থা আর নেই বলে মন্তব্য করেছেন নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের (এনএফএফ) সভাপতি লিজে ক্লাভনেস। চলমান প্রশাসনিক সংকট থেকে উত্তরণে ইনফান্তিনোর পদত্যাগই একমাত্র সমাধান বলেও দাবি করেছেন তিনি।

শুক্রবার এনএফএফের মাসিক বোর্ড সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৪৫ বছর বয়সী এই আইনজীবী ও সাবেক ফুটবলার সরাসরি ফিফা সভাপতিকে সরে দাঁড়ানোর আহ্বান জানান।

ক্লাভনেস বলেন, ‘বর্তমান সংকটের মধ্যে ফিফাকে কার্যকরভাবে পরিচালনা করার মতো প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক আস্থা জিয়ান্নি ইনফান্তিনোর আর নেই। তাঁর পেছনে ফেরার সুযোগ শেষ হয়ে গেছে। আন্তর্জাতিক ফুটবলের বিভিন্ন অংশীজনের মধ্যে সম্পর্ক এখন গভীর সংকটে। ফুটবলকে আবারও ঐক্যবদ্ধ করতে হলে ফিফা সভাপতির পদত্যাগ প্রয়োজন।’

সম্প্রতি বিশ্বকাপ ও ফিফার অন্যান্য প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনাকে কেন্দ্র করে ইনফান্তিনোর বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা, উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফ এবং কয়েকটি জাতীয় ফুটবল সংস্থা ইতোমধ্যে তার নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছে।

ক্লাভনেসের অভিযোগের তালিকায় রয়েছে ফিফার বিভিন্ন টুর্নামেন্টের বাণিজ্যিক ও সম্প্রচার স্বত্ব বণ্টনে স্বচ্ছতার অভাব, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিতর্কিত ‘ফিফা পিস প্রাইজ’ প্রদান এবং ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা শিথিলের ঘটনায় ফিফার ভূমিকা।

২০২২ সালে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি হওয়ার পর থেকেই মানবাধিকার, সুশাসন ও স্বচ্ছতা নিয়ে ফিফার বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনায় সরব ছিলেন ক্লাভনেস। এবার তিনি সরাসরি ইনফান্তিনোর নেতৃত্বের বৈধতা নিয়েই প্রশ্ন তুললেন। এদিকে, ইনফান্তিনোর অন্যতম কড়া সমালোচক হিসেবে আগামী ফিফা সভাপতি নির্বাচনে ক্লাভনেসের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে কোনো আগ্রহ দেখাননি তিনি।

ক্লাভনেস বলেন, ‘আমার নাম নিয়ে যে আলোচনা চলছে, সেটিকে আমি শুধু গণমাধ্যমের জল্পনা হিসেবেই দেখছি। এই মুহূর্তে নিজের বা অন্য কারও সম্ভাব্য প্রার্থিতা নিয়ে মন্তব্য করার মতো সময় বা পরিস্থিতি এখনও তৈরি হয়নি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102