জাপানের দক্ষিণ-পশ্চিমে মঙ্গলবার ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পে কয়েক হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, কিউশু দ্বীপে স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে কম্পন অনুভূত হয়। যা স্থানীয় রিখটার স্কেলে সর্বোচ্চ ৭ মাত্রার কম্পন হিসেবে রেকর্ড করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, সুনামির ঢেউ ১ মিটার পর্যন্ত উঁচু হতে পারে।
পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের কর্তৃপক্ষ জানিয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে তাৎক্ষণিক কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি। স্থানীয় বিদ্যুৎ কোম্পানি কিউশু ইলেকট্রিক পাওয়ারের তথ্য অনুযায়ী, কুমামোতো অঞ্চলে প্রায় ৪৫ হাজার বাড়ি ও প্রতিষ্ঠানে বিদ্যুৎ নেই।
ভূমিকম্পের প্রায় আধা ঘণ্টা পর সম্প্রচারমাধ্যম এনএইচকের এক কর্মী হেলমেট পরা অবস্থায় জানান, বার্তাকক্ষ এতটাই জোরে কাঁপছিল যে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে যায়। এ সময় তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।