যশোরের শার্শা একটি স্যালোচালিত টলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড় সংলগ্ন রুদ্রপুর গ্রামের শেষ সীমানায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী, টলির চালক ও হেলপারসহ আরো ৩ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মৃদুল হাসান নাহিদ (২৫) এবং একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)। আহতরা হলেন, একই গ্রামের শাহাজাহানের ছেলে রুবেল (৩০), টলিচালক আমিরুল এবং হেলপার নিরব। আমিরুল ও নিরব শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৯ জুলাই) রাতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফুটবল ফাইনাল ম্যাচ দেখার পর ভোরে নাহিদ, ঊষা ও রুবেল একটি মোটরসাইকেলে রুদ্রপুর বাজারে চা খেতে যাচ্ছিলেন। একই সময়ে ইটভাটা থেকে ইট নিয়ে দ্রুতগতিতে একটি স্যালোচালিত টলি গোগা ইউনিয়নের দিকে যাচ্ছিল। এসময় রুদ্রপুর গ্রামের শেষ সীমানায় পৌঁছালে উভয় যানবাহনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই নাহিদ ও ঊষার মৃত্যু হয়। গুরুতর আহত রুবেলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহত টলিচালক আমিরুল ও হেলপার নিরবকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে সকালে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।