চার দিনের টানা বৃষ্টিতে ফেনীর মুহুরী ও কহুয়া নদীর পানি বেড়েছে। নদীর একাধিক স্থানে বাঁধ উপচে পানি ঢুকে পড়েছে লোকালয়ে।
এতে জেলার ফুলগাজী উপজেলার দক্ষিণ বরৈয়া গ্রামের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
এদিকে, শনিবার (১১ জুলাই) সকাল থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এতে পানিবন্দি পরিবারগুলো গত দুই দিন ধরে চুলায় রান্না বন্ধ রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে আজ (শনিবার) রাতের মধ্যে বসতঘরে পানি উঠতে পারে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মুহরী নদীর পানি বাড়লে আরো নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ফুলগাজীর উপজেলার সদর ইউনিয়নেরে আক্রান্ত গ্রামের প্রধান সড়কে হাঁটু সমান পানি জমেছে। এতে গ্রামের যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের বরৈয়া গ্রামের কৃষক করিমুল হক জানান, মৌসুমি ফসলের জন্য প্রস্তুত করা জমি পানিতে তলিয়ে গেছে।
কয়েক দিন ধরে এভাবে কৃষিজমি পানিতে ডুবে থাকলে প্রস্তুত করা চারা নষ্ট হয়ে যাবে। এতে অনেক ক্ষতির মুখে পড়তে হবে তাদের।
ফেনী আবহাওয়া অফিসের ইনচার্জ মুজিবুর রহমান জানান, আজ (শনিবার) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ফেনীতে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, মুহুরী নদীর পানি গতকাল (শুক্রবার) রাত ১১টা থেকে বাড়লেও রাত থেকে কিছুটা কমতে থাকে।