মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মোশাররফ করিমের ওপর ‘হামলা’, অস্বীকার করলেন অভিনেতা ইসরায়েল না পারলে হিজবুল্লাহকে সামলাবে সিরিয়া: ট্রাম্প বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী জলবায়ু অভিযোজনে নারীর নেতৃত্বের স্বীকৃতি চাইলেন বক্তারা ওয়েব সিরিজের নাম ‘ব্রাজেন্টিনা’, অভিনয় করলেন জামাল ভূঁইয়া যুক্তরাষ্ট্রের মাটিতে একখণ্ড ইরান, রাতভর যেমন ছিল তেহরান আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে —-মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী ০৭ হাজার ৩ কোটি টাকার ০৫ (পাঁচ) প্রকল্প একনেক সভায় অনুমোদন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: স্থানীয় সরকার মন্ত্রী যুক্তরাষ্ট্রের মাটিতে গোল করে ‘রাজনৈতিক’ উদযাপন ইরানের

জলবায়ু অভিযোজনে নারীর নেতৃত্বের স্বীকৃতি চাইলেন বক্তারা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

জলবায়ু অভিযোজন, কৃষি ও টেকসই উন্নয়নে নারীর নেতৃত্ব, স্থানীয় জ্ঞান, অবৈতনিক সেবামূলক কাজ এবং অর্থনৈতিক অবদানের যথাযথ স্বীকৃতির আহ্বান জানিয়েছেন বক্তারা। একই সঙ্গে জলবায়ু-সহনশীল সমাজ গঠনে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মঙ্গলবার আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিকী অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘থার্ড অ্যানুয়াল কমিউনিটি অব প্র্যাকটিস (কপ) নেটওয়ার্ক কনভেনশন ২০২৬’ এ এসব কথা বলা হয়। ‘উইমেন লিডিং ক্লাইমেট অ্যাডাপটেশন: লার্নিং অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। ইউএন উইমেনের সহায়তায় ‘এমপাওয়ার: উইমেন ফর ক্লাইমেট-রেজিলিয়েন্ট সোসাইটিজ (ফেজ-টু)’ প্রকল্পের আওতায় এটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান বলেন, কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি কৃষি, জলবায়ু অভিযোজন ও টেকসই উন্নয়নে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দিতে হবে। তিনি বলেন, খাদ্য উৎপাদন, উদ্ভাবন এবং স্থানীয় পর্যায়ে সহনশীলতা তৈরিতে নারীরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, পরিবেশ সুরক্ষায় বাস্তবসম্মত ও অর্থনৈতিকভাবে কার্যকর সমাধান প্রয়োজন। কার্বন নিঃসরণ কমাতে কৃষিজ অবশিষ্টাংশ ব্যবহারের মতো বিভিন্ন উদ্যোগ পরিবেশ অধিদপ্তর বিবেচনা করছে।

সুইডেন দূতাবাসের জনস্বাস্থ্য এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকারবিষয়ক ফার্স্ট সেক্রেটারি সুজানা ওয়াডস্টেইন বলেন, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। তাই এসব বিষয়কে সমন্বিতভাবে বিবেচনা করা প্রয়োজন।

ইউএন উইমেনের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ নভনিতা সিনহা বলেন, বর্তমান বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়ন কার্যক্রমের অর্থায়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করছে। এ পরিস্থিতিতে উন্নয়ন কার্যক্রমের মান বজায় রাখা এবং অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) বনশ্রী মিত্র নিয়োগী বলেন, নারীর নেতৃত্ব, অবৈতনিক সেবামূলক কাজ এবং অর্থনীতিতে তাঁদের অবদান জাতীয় পরিকল্পনা ও বাজেটে যথাযথ স্বীকৃতি পাওয়া প্রয়োজন। তিনি জানান, নারীর অবৈতনিক কাজের স্বীকৃতি আদায়ে এমজেএফ ২০১২ সাল থেকে কাজ করে আসছে এবং এ বিষয়ে বিভিন্ন গবেষণা ও মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হয়েছে।

সম্মেলনে সুইজারল্যান্ড দূতাবাসের গভর্ন্যান্স, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শিরিন সুলতানা লিরা এবং ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (সিসিডিবি) নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার বক্তব্য দেন। তাঁরা নারীর নেতৃত্বে জলবায়ু অভিযোজন কার্যক্রম আরও শক্তিশালী করতে সম্মিলিত উদ্যোগ ও অ্যাডভোকেসির ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে কুড়িগ্রাম, জামালপুর, খুলনা ও সাতক্ষীরার নারী জলবায়ু নেতাদের স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীলতা ও কমিউনিটি উন্নয়নে অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১০টি সহযোগী সংগঠনকেও সম্মাননা জানানো হয়।

সম্মেলনে নারী নেতা, জলবায়ু অভিযোজনকর্মী, উন্নয়ন সহযোগী, গবেষক, গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা নারীর নেতৃত্বে জলবায়ু সহনশীলতা উদ্যোগের অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102