বিশ্বকাপে ভক্তদের ঢোলের বাড়ি পড়ার আগেই বড় ধাক্কা খেল ঘানাশিবির। আইনি জটিলতার কারণে কানাডায় প্রবেশাধিকার পাননি দলটির তারকা মিডফিল্ডার টমাস পার্টে।ফলে আগামী বুধবার টরন্টোতে পানামার বিপক্ষে ব্ল্যাক স্টারদের বিশ্বকাপ মিশন শুরুর ম্যাচে মাঠে নামতে পারছেন না ৩২ বছর বয়সী এই সাবেক আর্সেনাল তারকা।
দেশটির ইমিগ্রেশন বিভাগ (আইআরসিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘কানাডিয়ানদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো ব্যক্তির প্রোফাইল বা টুর্নামেন্টে তার ভূমিকা কী, তা বিবেচনা না করে সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ করা হয়। কোনো ব্যক্তি দেশের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ মনে হলে তাকে প্রবেশাধিকার দেওয়া হয় না।’
গ্রুপ ‘এল’-এ ঘানার বাকি দুটি ম্যাচ অবশ্য অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ২৩ জুন বস্টনে ইংল্যান্ডের বিপক্ষে এবং ২৭ জুন ফিলাডেলফিয়ায় ক্রোয়েশিয়ার বিপক্ষে পার্টের খেলতে কোনো বাধা নেই। দেশের হয়ে ৫৮ ম্যাচে ১৬ গোল করা এই অভিজ্ঞ তারকার প্রথম ম্যাচে অনুপস্থিতি নিশ্চিতভাবেই পোড়াবে ঘানাকে।