প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো নওগাঁ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৮ জুন) থেকে বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আলাউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জিএসটি (GST) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় পছন্দক্রম ও মেধাক্রম অনুযায়ী এ, বি ও সি ইউনিটে বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তি কার্যক্রম ৮ জুন দুপুর ১২টা থেকে ১০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়ের এই যাত্রা নিঃসন্দেহে জেলার ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল মাইলফলক।’
তিনি বলেন, ‘২০২৩ সালে প্রতিষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয় একসময় ছিল কেবল একটি স্বপ্নের নাম। নানা প্রতিকূলতা, অনিশ্চয়তা ও বিতর্ক পেরিয়ে বিশ্ববিদ্যালয়টি আজ বাস্তব রূপ পেয়েছে। এমন সময়ও এসেছে, যখন এর অস্তিত্ব প্রশ্নের মুখে পড়েছিল। তবে মানুষের আকাঙ্ক্ষা, শিক্ষানুরাগীদের দৃঢ়তা এবং সংশ্লিষ্টদের অবিচল প্রচেষ্টার কাছে সব প্রতিবন্ধকতা পরাজিত হয়েছে।উপাচার্য আরো বলেন, ‘নওগাঁ বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হয়ে থাকবে না; এটি হবে জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন, গবেষণা ও মানবিক মূল্যবোধ বিকাশের প্রাণকেন্দ্র। এখান থেকে গড়ে উঠবে দক্ষ প্রশাসক, বিচক্ষণ আইনজ্ঞ, সফল উদ্যোক্তা, গবেষক এবং মানবকল্যাণে নিবেদিত নাগরিক।’