শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার মালবাহী জাহাজে হামলা, প্রাণ হারালেন আজারবাইজানের ৫ নাগরিক সাহারা মরুভূমিতে বিকল ট্রাক : তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু, হেঁটে বাঁচলেন ২ জন ঢাকা মেডিক্যাল কলেজে সফল কিডনি প্রতিস্থাপন, পরিদর্শনে বিএনপির স্বাস্থ্য সম্পাদক আইভীর বাড়ির সামনে কর্মীর ভিড়, সিসি ক্যামেরায় নজরদারি সংসদের দ্বিতীয় অধিবেশন : রাজধানীর যেসব এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ কমিশনারের গমনাগমন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, ডিএমপির প্রতিবাদ ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার সমাবেশে সরকারকে গালি, ফেসবুকে দুঃখ প্রকাশ সিলেট জেলা জামায়াত আমিরের

বিশ্ববাজারে কমছে সোনা-রুপার দাম

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৫ জুন, ২০২৬
মধ্যপ্রাচ্যের বারুদ এখন বিশ্ব অর্থনীতির গলার কাঁটা। লেবাননে যুদ্ধবিরতির প্রস্তাব ভেস্তে যাওয়া আর ওয়াশিংটন-তেহরান শান্তি আলোচনা থমকে দাঁড়ানোয় বিশ্ববাজারে নতুন করে দানা বাঁধছে মূল্যস্ফীতি ও উচ্চ সুদের হারের শঙ্কা।আর ভূ-রাজনীতির এই উত্তাপেই চড়া দামের বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা, যার সরাসরি ধাক্কা লেগেছে সোনার বাজারে। এক সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে সোনার দামে বড় পতন লক্ষ করা যাচ্ছে, যা আরো দীর্ঘায়িত হওয়ার আভাস দিচ্ছেন বিশ্লেষকেরা।শুক্রবার (৫ জুন) সকাল ৮টা ৪৯ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪ হাজার ৪৬৩ দশমিক ৭৩ ডলারে। চলতি সপ্তাহে মূল্যবান এই ধাতুর দাম প্রায় ১ দশমিক ৬ শতাংশ কমেছে।অন্যদিকে, আগামী আগস্টে সরবরাহের চুক্তি থাকা মার্কিন গোল্ড ফিউচারের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৪ হাজার ৪৯১ ডলারে নেমে এসেছে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবাননে নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে ইসরায়েলও স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না। এর ফলে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার মাধ্যমে ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে চেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করছিলেন, তা বড় ধাক্কা খেল।ইনভেস্টমেন্ট ফার্ম উইজডমট্রি-এর কমোডিটি স্ট্র্যাটেজিস্ট নিতেশ শাহ বলেন, ‘যখনই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা ব্যর্থ হওয়ার আশঙ্কা তৈরি হয়, তখনই জ্বালানি তেলের দাম বেড়ে যায়। তেলের দাম বাড়লে মূল্যস্ফীতির শঙ্কা তীব্র হয়। ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমানোর পরিবর্তে তা আরো দীর্ঘ সময় ধরে উঁচুতে রাখতে পারে। আর সুদের হার বেশি থাকার পূর্বাভাস সোনার দামের ওপর চাপ তৈরি করে।’

এদিকে বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকায় চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের (অপরিশোধিত তেল) দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে।গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরান সংঘাত শুরু হওয়ার পর থেকে তেলের দাম বাড়ার কারণে বিশ্ববাজারে সোনার দাম প্রায় ১৬ শতাংশ কমেছে। সাধারণত মূল্যস্ফীতি বাড়লে বিনিয়োগকারীরা সোনাকে নিরাপদ মনে করলেও, সুদের হার বেশি থাকলে সোনা জমানোর প্রবণতা কমে যায়, কারণ সোনা থেকে সরাসরি কোনো লভ্যাংশ বা সুদ আসে না।শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জের (সিএমই) ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার আরো ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে—বাজারে এমন আশঙ্কা এখন ৩৭ শতাংশ।ফেড আসলেই সুদের হার বাড়াবে কি না, তা বোঝার জন্য বিনিয়োগকারীরা এখন আজ রাতের মার্কিন নন-ফার্ম পে-রোল (অ-কৃষি খাতের কর্মসংস্থান) রিপোর্টের দিকে চোখ রাখছেন।

সুইজারল্যান্ডভিত্তিক ব্যাংক ইউবিএস-এর বিশ্লেষক জিওভানি স্টাউনোভো বলেন, ‘সোনার দাম কমার মূল কারণ হলো এই খাতে বিনিয়োগকারীদের অনীহা। মার্কিন অর্থনীতি এখনো শক্তিশালী গতিতে এগোচ্ছে এবং মূল্যস্ফীতি বাড়ছে। ফলে ফেডের পরবর্তী সিদ্ধান্তের ক্ষেত্রে আজ প্রকাশিতব্য কর্মসংস্থানের তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’সোনার পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও নিম্নমুখী। আজ রুপার (স্পট সিলভার) দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৭২ দশমিক ৫৮ ডলারে নেমেছে। এ ছাড়া প্ল্যাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৮৭৭ দশমিক ৮২ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৩০০ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে। সবগুলো ধাতুই চলতি সপ্তাহে লোকসানের মুখে রয়েছে।দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকায় বেচাকেনা হচ্ছে।বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বেচাকেনা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102