ময়মনসিংহের মুক্তাগাছার নতুন বাজার এলাকায় একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাঁচাবাজার সংলগ্ন দোকানে ঢুকে পড়েছে। এ ঘটনায় জাহাঙ্গীর নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২ মে) রাত পৌনে ১২টার দিকে উপজেলার নতুন বাজারের নুর আলমের মুদির দোকানে এ দুর্ঘটনা ঘটে।
জাহাঙ্গীর (৩২) উপজেলার পাইকাশিমুলের বাসিন্দা মো. ইউসুফ আলীর ছেলে।
দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দা দোকান মালিক নুর আলম, আমির, কামাল আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু বুঝে উঠার আগেই সোজা মুদি দোকানের ভেতরে ঢুকে পড়ে দ্রুতগতির ট্রাকটি। দোকানের ভেতরে ৩ জন কেনাকাটা করছিলেন। জাহাঙ্গীরকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দোকান মালিক নুর আলমসহ ৩ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
এ বিষয়ে মুক্তাগাছা থানার ওসি মো. কামারুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, বালুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটিয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে এবং ট্রাকটি আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।