মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, সমাজের কল্যাণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দ্বিমত নয়, বরং সবাইকে একমত হয়ে কাজ করতে হবে।

সোমবার সকালে রাজধানীর রূপনগর আরামবাগ মাঠে কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে রূপনগর থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন সত্য তথ্য পাওয়া যায়, তেমনি মিথ্যাচারও ছড়িয়ে পড়ে। তাই সবাইকে সত্যের পক্ষে অবস্থান নিতে হবে এবং মিথ্যার বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করতে হবে। একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে সত্যের পক্ষে থাকা জরুরি।

তিনি আরও বলেন, সমাজে নৈতিক অবক্ষয়ের ফলে যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে, তা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে যেসব এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপত্তি হয়েছে, সেসব স্থান চিহ্নিত করে তা নির্মূল করার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন উল্লেখ করে আমিনুল হক বলেন, কোথাও বিশৃঙ্খলা বা মব সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে তা প্রতিরোধে সংশ্লিষ্ট বাহিনী কাজ করছে।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, সমাজে যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের শিকড় থেকে নির্মূল করতে হবে। মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদকের করাল গ্রাস থেকে নতুন প্রজন্মকে রক্ষা করা এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102