গাজীপুর মহানগরের টঙ্গীতে একটি বিদেশি পিস্তলসহ দুই জনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল) ভোর রাতে টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে জসিম (৪০) ও লালমনিরহাট জেলা সদরের নয়া কুঠিরপাড়া গ্রামের মৃত হাফেজ নুর রহমানের ছেলে শরিফুল আলম আরিফ (৩২)।
পুলিশ জানায়, সম্প্রতি পাগাড় ঝিনু মার্কেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত জসিম ও আরিফকে গ্রেপ্তার করার পর তাদের দেওয়া তথ্য মতে পাঠান পাড়া এলাকার জনৈক মজিবরের বাড়ির এক ভাড়াটিয়ার কক্ষ থেকে অস্ত্র ও খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) মহিউদ্দিন আহমেদ বলেন, কোনো অপরাধেরই ছাড় দেওয়া হবে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।