শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

তৈরি পোশাক রপ্তানি দ্রুত ও সহজতর করতে কাস্টমস কর্তৃপক্ষের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস – Heading

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে কাস্টমস সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পৃথক পৃথক মতবিনিময়কালে বিজিএমইএ নেতৃবৃন্দ রপ্তানি কার্যক্রম দ্রুত ও সহজতর করতে কাস্টমস সেবার আধুনিকায়ন, সমন্বয় জোরদার এবং প্রক্রিয়া সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন।

গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে বিজিএমইএ’র এক প্রতিনিধি দল চট্টগ্রামে নবসৃষ্ট আইসিডি কাস্টমস হাউজ, চট্টগ্রামের কমিশনার আবু বাশার মোঃ শফিকুর রহমান, কাস্টমস কমিশনার, চট্টগ্রাম মোহাম্মদ শফি উদ্দিন এবং কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রামের কমিশনার মোঃ জাকির হোসেন-এর সাথে পৃথক পৃথকভাবে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএ’র ভারপ্রাপ্ত প্রথম সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, পরিচালকবৃন্দ ফয়সাল সামাদ, এমডি. এম. মহিউদ্দিন চৌধুরী, এনামুল আজিজ চৌধুরী, প্রাক্তন পরিচালক ও চট্টগ্রামস্থ কাস্টমস বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান অঞ্জন শেখর দাশসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময়কালে বিজিএমইএ নেতৃবৃন্দ নবসৃষ্ট কাস্টমস হাউজ চালু হওয়ার ফলে আইসিডি পর্যায়ে ব্যবসা কার্যক্রম আরও সহজতর হবে (ease of doing business) এবং কাস্টমস কর্তৃপক্ষের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে বিজিএমইএ ও বিকডা (BICDA)-এর সমন্বয়ে কার্যক্রম পরিচালনা করা গেলে রপ্তানি কার্যক্রম আরও ত্বরান্বিত হবে।এর ফলে আইসিডি পর্যায়ে সরাসরি কাস্টমস ক্লিয়ারেন্স সম্পন্ন করা যাবে, যা সময় ও ব্যয় উভয়ই সাশ্রয় করবে এবং প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।

বিজিএমইএ’র ভারপ্রাপ্ত প্রথম সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়ে বলেন, আইসিডি কার্যক্রমের পূর্ণাঙ্গ বাস্তবায়ন রপ্তানি প্রক্রিয়াকে আরও সহজতর করবে এবং শিল্পখাতের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিচালক ফয়সাল সামাদ কাস্টমস কর্তৃপক্ষের ইতিবাচক ও সহযোগিতামূলক মনোভাবের প্রশংসা করে বলেন, দীর্ঘদিন ধরে আইসিডি পর্যায়ে কাস্টমস কার্যক্রমের সীমাবদ্ধতার কারণে রপ্তানি ও আমদানি প্রক্রিয়ায় বিলম্ব, অতিরিক্ত খরচ এবং জটিলতা সৃষ্টি হচ্ছিল। নবসৃষ্ট কাস্টমস হাউজ চালু হওয়ার ফলে এসব সমস্যার উল্লেখযোগ্য সমাধান সম্ভব হবে। একই সাথে তিনি আইসিডি নীতিমালা সংশোধনের লক্ষ্যে বিকডা (BICDA)সহ সকল সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব প্রদান করেন, যাতে একটি কার্যকর ও শিল্পবান্ধব নীতিমালা প্রণয়ন করা যায়।

পরিচালক এমডি. এম. মহিউদ্দিন চৌধুরী আইসিডি নীতিমালার দ্রুত বাস্তবায়ন, অফ-ডক কার্যক্রমের আধুনিকায়ন এবং প্রযুক্তিনির্ভর অটোমেশন ব্যবস্থার মাধ্যমে উন্নত সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

পরিচালক এনামুল আজিজ চৌধুরী কাস্টমস ও বিজিএমইএ’র মধ্যে বিদ্যমান সমন্বয় ও অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। কাস্টমস বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান অঞ্জন শেখর দাশ কাস্টমস কার্যক্রমে বিদ্যমান কিছু বাস্তব সমস্যা তুলে ধরে কার্যকর সমাধানের আহ্বান জানান।

এসময় পোর্ট, কাস্টমস, বন্ড ও ব্যাংকের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস, গ্রীন চ্যানেলে পণ্য ছাড়করণ সুবিধা এবং ডিজিটাল সেবার মাধ্যমে দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়

আইসিডি কাস্টমস হাউজ, চট্টগ্রামের কমিশনার আবু বাশার মোঃ শফিকুর রহমান জানান, আইসিডি নীতিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তা অনুমোদিত হলে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও দ্রুত ও নির্বিঘ্ন হবে। তিনি আরও জানান, বিজিএমইএ’র সাথে আলোচনার প্রেক্ষিতে ০১ জুন থেকে আইসিডি কোড-৩০৬ চালুর বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-কে অবহিত করা হবে

কাস্টমস কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন বলেন, কাস্টমস হাউজ থেকে আইসিডি কার্যক্রম পৃথক হওয়ায় আমদানি ও রপ্তানি কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধি পাবে।

বন্ড কমিশনার মোঃ জাকির হোসেন বলেন, বন্ড ও বিজিএমইএ’র মধ্যে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে যেকোনো উদ্ভূত সমস্যা দ্রুত সমাধান করে রপ্তানি কার্যক্রম সহজীকরণে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102