ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী সিরাত প্রতিযোগিতা
উত্তরা নিউজ ডেস্ক
-
আপডেট টাইম:
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী নিয়ে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী আয়োজন করতে যাচ্ছে জাতীয় সিরাত প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা জেলা পর্যায় থেকে শুরু হবে। জেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগী বিভাগীয় পর্যায়ে ও বিভাগীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগী জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।শনিবার (৪ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিযোগিতা তিনটি গ্রুপে এ অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত স্কুল, আলিয়া ও কওমি মাদরাসার ছাত্র-ছাত্রী (অনূর্ধ্ব ১৫ বছর)। ‘খ’ গ্রুপে ৯ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল, কলেজ ও সমমানের কওমি ও আলিয়া মাদরাসার ছাত্র-ছাত্রী (অনূর্ধ্ব ১৯ বছর)। ‘গ’ গ্রুপে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাধারণ শিক্ষা ও সমমানের কওমি ও আলিয়া মাদরাসার ছাত্র-ছাত্রী (অনূর্ধ্ব ২৭ বছর)।‘ক’ গ্রুপের জন্য নির্ধারিত সিরাত গ্রন্থ সিরাতে খাতামুল আম্বিয়া (মুফতি মুহাম্মদ শফি রহ.) ও নবীয়ে রহমত (সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী)। ‘খ’ গ্রুপের জন্য নির্ধারিত সিরাত গ্রন্থ সিরাতুল মুস্তাফা ১ম থেকে ৩য় খণ্ড (আল্লামা ইদরিস কান্ধলভি) ও আর রাহিকুল মাখতুম (আল্লামা সফিউর রহমান মোবারকপুরি)। ‘গ’ গ্রুপের জন্য সিরাতুন্নবী ১ম থেকে ৪র্থ খণ্ড (আবু মুহাম্মদ আবদুল মালেক ইবনে হিশাম ইবনে আইয়ুব) ও সিরাত বিশ্বকোষ ৪র্থ থেকে ৬ষ্ঠ খণ্ড (ইসলামিক ফাউন্ডেশন)।প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ীদের প্রথম পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৪৫ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ৪০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।এ ছাড়া বিভাগীয় ও জেলা পর্যায়েও রয়েছে বিভিন্ন পুরস্কার।ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়ে ৫-৩০ এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রতিযোগীদের নাম নিবন্ধন করা হবে। মে মাসের প্রথম পাক্ষিকে সারা দেশে একযোগে একই দিনে জেলা পর্যায়ের প্রতিযোগিতা ও মে মাসের দ্বিতীয় পাক্ষিকে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা একযোগে একই সময়ে অনুষ্ঠিত হবে।গ্রুপভিত্তিক নির্বাচিত সিরাত গ্রন্থ থেকে এককথায় প্রকাশ, এমসিকিউ ও সংক্ষিপ্তাকারে প্রশ্ন করা হবে। বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের নিয়ে জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা জুন মাসের দ্বিতীয় পাক্ষিকে আয়োজনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়ন নিয়ে ৩০ এপ্রিলের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়ে নাম নিবন্ধন করতে হবে।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..