সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তরা স্কয়ার মার্কেটে তাণ্ডব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার -কৃষিমন্ত্রী আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৯ ট্রেন খিলক্ষেতে ডেসকোর কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিন কর্মীর মৃত্যু ৪২ জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগ, জামায়াতের প্রতিবাদ সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই জানতে চাওয়া হবে : নাহিদ ইসলাম বিএনপি যা প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে নদী দখলকারীরা জোচ্চোর ও দুষ্কৃতকারী : কৃষিমন্ত্রী শীর্ষ ১০ তারকাকে ছাড়াই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড বেকহামের ২৬ বছরের রেকর্ড ভাঙলেন ব্রুনো

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তরা স্কয়ার মার্কেটে তাণ্ডব

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ১৬ মার্চ, ২০২৬

রাজধানীর উত্তরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতভর একটি মার্কেটে ব্যাপক হামলার ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত (১৬ জানুয়ারি) উত্তরা ১৩ নম্বর সেক্টর জমজম টাওয়ারের পশ্চিম পার্শ্বের ‘উত্তরা স্কয়ার’ নামের ১৩ তলা বিশিষ্ট মার্কেটটিতে এই হামলার ঘটনা ঘটে। এতে মার্কেটের নিচ তলার একাধিক দোকানপাটে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

জানা যায়, ওই মার্কেটের সামনে রিক্সা রাখাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এ নিয়ে কথা কাটাকাটি ও রিক্সাচালককে রিমারধরের ঘটনায় মার্কেটটিতে দফায় দফায় হামলা চালায় বহিরাগতরা। এমনকি ওই মার্কেটের সামনের সোনারগাঁও জনপথ সড়কের আগুন জ্বালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে দুস্কৃতিকারীরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও রাত সাড়ে তিনটা পর্যন্ত এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

 

সকালে উত্তরা ১৩ নম্বর সেক্টরে সোনারগাঁও জনপথ সড়কের পাশে অবস্থিত উত্তরা স্কয়ার নামের ওই মার্কেটে গিয়ে দেখা যায়, মার্কেটের নিচ তলার মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ভাঙ্গা গ্লাস, ইটপাটকেল ও ক্ষতিগ্রস্থ দোকানের মালামাল। হামলায় অবশিষ্ট নেই মার্কেটটিতে প্রবেশের মেইন গেট। ইটপাটকেল নিক্ষেপের কারণে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে একাধিক জানালার ও দেয়ালের গ্লাসসহ বিভিন্ন স্থাপনা। এ সময় ভেতরে ঢুকে খাজানা ও কে জেড নামের দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মেঝেতে ইমিটেশন গহনা, জুতা, কসমেটিকসহ নানা ধরণের মনিহারী সামগ্রী পড়ে থাকতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে এগারটার দিকে হুট করেই মার্কেট বন্ধের সময় এই হামলার ঘটনা ঘটে। প্রথমে মার্কেটের নিরাপত্তাকর্মী আনিসুজ্জামানের সাথে এক অটো রিক্সাচালকের মারামারির ঘটনা ঘটে। এ সময় পাশ থেকে কয়েকজন যুবক মিলে মার্কেটের নিরাপত্তাকর্মীদের সঙ্গে বিবাদে জড়ায় এবং এক পর্যায়ে মঞ্জু নামের মার্কেটের এক প্রটোকল অফিসারকে মারধর করায় নিরাপত্তাকর্মীরা বহিরাগতদের একজনকে মার্কেটের আন্ডারগ্রাউন্ডে টেনে-হিঁচড়ে নিয়ে গেলে ‘রিক্সা চালককে হত্যা করে আন্ডারগ্রাউন্ডে লাশ লুকিয়ে রাখা হয়েছে’ এম গুজব ছড়িয়ে দেয় বহিরাগতদের একটি মহল। আর এমন গুজবকে ঘিরেই মার্কেটের সামনে রাতভর চালানো হয় তাণ্ডব। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে সবাইকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।

 

ঘটনার বিষয়ে জানতে চাইলে মার্কেটের নিরাপত্তাকর্মী আনিসুজ্জামান উত্তরা নিউজকে জানায়, ওই রিক্সাওয়ালা রিক্সা নিয়ে পার্কিংয়ের গেটে দাঁড়িয়েছিল। তাকে কয়েকবার সরে যেতে বললে, সে না সরায় রিক্সায় লাঠি দিয়ে বাড়ি দেই। এ নিয়ে সে আমাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করলে আমার সাথে তার মারামারি হয়। এটা দেখে মঞ্জু স্যার এগিয়ে এসে বিষয়টা মিমাংসা করে দিলে রিক্সাওয়ালা চলে যাওয়ার পরপরই কয়েকজন এসে মঞ্জু স্যারকে মারধর করায় তাদের একজনকে আমরা আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাই। এরপরেই মার্কেটে হামলা চালানো হয়।

 

এনায়েতউল্লাহ নামের পাশের প্লটের এক দোকানী জানায়, রিক্সাওয়ালার সাথে মারামারির সময় আমিও সেখানে ছিলাম। রিক্সাওয়ালা মার খেয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই শুরু হয় মূল গন্ডগোল। রিক্সাওয়ালাকে মেরে ফেলা হয়েছে এমন গুজবকে কেন্দ্র করেই মূলত হামলাটা হয়েছে।

 

হামলার বিষয়ে উত্তরা স্কয়ারের অপর প্রটোকল অফিসার রাশেদ উত্তরা নিউজকে জানায়, যে রিক্সাওয়ালার সাথে ঘটনা সে মারামারি করে চলে গেছে। কিন্তু, কিছুক্ষণ পরই রিক্সাওয়ালাকে মেরে ফেলা হয়েছে এমন গুজব ছড়িয়ে মার্কেটে বহিরাগতরা হামলা করে। যারা হামলা করেছে এরা সবাই বাইরে থেকে এসেছে। ওই সময়ের সিসিটিভি ফুটেজ দেখলেই এদের পরিচয় জানা যাবে।

 

রাতের ভয়াবহতার বর্ণনা দিয়ে উত্তরা স্কয়ার মার্কেটের নিচতলার খাজানা নামের দোকানের বিপননকর্মী সাবিল হোসেন রাব্বি উত্তরা নিউজকে জানায়, ঘটনার কিছুক্ষণ পরই পুলিশ এসে সবাইকে সরিয়ে দেয়। আমরা বারটার দিকে দোকান বন্ধ করে পেছনের গেট দিয়ে বের হয়ে যাব ঠিক এমন সময় ওরা আবার এসে হামলাটা করে। তখন থেকেই তাণ্ডবটা শুরু হয়। আমাদের দোকানের অনেক মালামালের ক্ষতি হয়েছে। মার্কেটের ৪র্থ তলার স্বর্ণের দোকানের ম্যানেজার মাসুম যুগান্তরকে জানায়, রাত সাড়ে বারটার দিকে খবর পেয়ে আমি মার্কেটে ছুটে আসি। এখানে আসার পর পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। চারপাশের রোডগুলোতে দেখলাম শত শত মানুষ দাঁড়িয়ে আছে। অনেকের হাতে লাঠিসোঠা ছিল। রাস্তার ওপর আগুন জ্বলতেও দেখেছি। পুলিশ ও সেনাবাহিনী মার্কেটের সামনে অবস্থান নেয়া হামলাকারীরা দূরে সরে যায়।

 

মার্কেট ব্যবসায়ীদের অনেকেই উত্তরা নিউজকে জানায়, ঈদকে সামনে রেখে মার্কেটে এমন তাণ্ডব চালানোয় আমরা ক্ষতির আশঙ্কায় আছি। এরকম হামলার পর অনেকেই এখন মার্কেটে আসতে চাইবে না। সবার ভেতরেই একটা ভয় কাজ করছে। কিভাবে স্টাফ-কর্মচারীদের বেতন-বোনাস দিব এ নিয়ে উদ্বেগ জানিয়েছে একাধিক দোকান মালিক ও কর্মকর্তারা। 

 

এদিকে, ঘটনার খবর পেয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। এ সময় তাকে এসে সাধারণ রিক্সাচালকদের শান্ত করতে দেখা গেছে। 

 

অপরদিকে, রাতের বেলায় উত্তরা ১১ নম্বর সেক্টরসহ পুরো জমজম টাওয়ার এলাকা দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠায় আশপাশের আবাসিক এলাকার বাসিন্দাদের মাঝেও এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সেক্টরের একাধিক বাসিন্দা জানায়, থানার মাত্র কয়েক মিনিটের দূরত্বে এমন একটা ঘটনা ঘটবে এটা কল্পনাও করা যায় না। রাতে হৈ-চৈ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আশপাশের বাড়িগুলোর সবাই আতঙ্কে ছিল। এ ব্যাপারে উত্তরা ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ জামান উত্তরা নিউজকে জানায়, রাতে আমাকে অনেকেই কল করে পরিস্থিতি খারাপ জানিয়েছে। অনেকের ভয় ছিল, হামলাকারীরা বিভিন্ন বাসাবাড়িতে ঢুকে যায় কিনা। সকালেও কল্যাণ সমিতির পাশে অটোরিক্সা চালকরা রিক্সা ভাংচুর করেছে। এটা নিয়ে আমরাও সারারাত ঘুমাতে পারিনি। 

 

দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) এস, এন, মোঃ নজরুল ইসলাম। এ সময় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এটা ঘটেছে। রিক্সাওয়ালাকে মেরে ফেলেছে, লাশ আটকে রেখেছে- এমন গুজব ছড়িয়ে তারা (দুস্কৃতিকারীরা) এখানে তান্ডবলীা চালিয়েছে।

 

তিনি বলেন, রিক্সাওয়ালাকে মারা হয়েছে খবরে ওরা ঐক্যবদ্ধ হয়েছিল। এটাকে কাজে লাগিয়ে কোন একটা কুচক্রী মহল লোকজন নিয়ে এসে তারা মার্কেটে লুটপাট করার অপচেষ্টা করেছে। একটা গ্রুপের উদ্দেশ্যই ছিল লুটপাটের। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব।

 

সর্বশেষ খবর অনুযায়ী এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102