শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

সাদাকাত-সালমানের ফিফটিতে পাকিস্তানের লড়াকু সংগ্রহ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
মাআজ সাদাকাত ও সালমান আলী আগার অর্ধশতকে ভর করে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লড়াকু সংগ্রহ গড়েছে পাকিস্তান। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ৪৭.৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয় সফরকারীরা।টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তবে শুরুটা দারুণভাবে কাজে লাগায় পাকিস্তানের ওপেনাররা।সাহিবজাদা ফারহান ও মাআজ সাদাকাত মিলে মাত্র ৭৭ বলে গড়ে তোলেন ১০৩ রানের ঝড়ো উদ্বোধনী জুটি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৪৬ বলে ৭৫ রান করেন সাদাকাত, যেখানে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। শেষ পর্যন্ত মিরাজের বলেই থামে তার ইনিংস।সাদাকাত আউট হওয়ার পর দ্রুতই দুই উইকেট হারায় পাকিস্তান।৪৬ বলে ৩১ রান করা ফারহান তাসকিন আহমেদের শিকার হন, আর শামিল হোসেন আউট হন নাহিদ রানার বলে। এতে ১৯.৩ ওভারে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১২২।এরপর মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে দলকে আবারও শক্ত অবস্থানে নেন সালমান আলি আগা। চতুর্থ উইকেটে তাদের ১০৯ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় পাকিস্তান।তবে এই জুটির সমাপ্তি হয় কিছুটা অদ্ভুতভাবে। নন-স্ট্রাইক প্রান্তে ক্রিজের বাইরে দাঁড়িয়ে বল তুলতে গিয়ে বাংলাদেশের অধিনায়ক মিরাজের থ্রোতে রান আউট হন আঘা। সাজঘরে ফেরার আগে ৬২ বলে ৬৪ রান করেন তিনি, ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা।একই ওভারে বিদায় নেন রিজওয়ানও। ৫৯ বলে ৪৪ রান করেন এই উইকেটকিপার ব্যাটার।এরপর হঠাৎই ধস নামে পাকিস্তানের ইনিংসে। শেষ পাঁচ উইকেট মাত্র ৪৩ রানের মধ্যে হারিয়ে ফেলে তারা। ফলে ৩০০ রানের সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত ২৭৪ রানেই থামে পাকিস্তানের ইনিংস।বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রিশাদ হোসেন, নেন ৩ উইকেট। এছাড়া মেহেদি হাসান মিরাজ ২টি এবং নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ একটি করে উইকেট শিকার করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102