ক্যারিবীয় সাগরে আবারও নৌযানে মার্কিন হামলা, নিহত ৩
অনলাইন ডেস্ক
-
আপডেট টাইম:
শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
ক্যারিবীয় সাগরে মার্কিন সেনাবাহিনী একটি নৌকায় হামলা চালিয়ে তিনজনকে হত্যা করেছে। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এ ধরনের হামলায় এখন পর্যন্ত অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন।লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সামরিক কার্যক্রম দেখভাল করে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ কমান্ড (সাউথকম)। তারা জানিয়েছে, শুক্রবার ভোরে মার্কিন বাহিনী একটি প্রাণঘাতী অভিযান চালায়, যাতে তিনজন মারা যান।মার্কিন বাহিনীর দাবি, নৌকাটিতে থাকা লোকজন মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। তারা নিহতদের ‘মাদক-সন্ত্রাসী’ বলে উল্লেখ করেছে। সাউথকম একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় নৌকাটিতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয় এবং পরে সেটি আগুনে পুড়ে যায়।তবে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের হামলা বিচার ছাড়াই মানুষ হত্যার শামিল হতে পারে— এমনকি তারা অপরাধে জড়িত থাকলেও।এর আগে সোমবার পূর্ব প্রশান্ত মহাসাগরে আরেকটি হামলায় একটি জাহাজে আঘাত করে দুজনকে হত্যা করা হয়। তখন একজন জীবিত ছিলেন বলে জানায় সাউথকম। তারা জানিয়েছে, বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডকে জানানো হয়েছে। তবে ওই ব্যক্তি পরে উদ্ধার হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।২০২৫ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক জলসীমায় প্রথম হামলার পর আরেক দফা আক্রমণে নৌকার ধ্বংসাবশেষে আটকে থাকা বেঁচে যাওয়া ব্যক্তিরাও মারা যান বলে অভিযোগ রয়েছে। এই ঘটনার পর মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ এবং অ্যাডমিরাল ফ্র্যাঙ্ক ব্র্যাডলিসহ কয়েকজন কর্মকর্তার ভূমিকা নিয়ে তদন্ত হয়।পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে প্রায় ৪০টি জাহাজের ওপর অন্তত ৩৮টি হামলা চালিয়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার কার্টেলদের সঙ্গে ‘সশস্ত্র লড়াইয়ে’ আছে এবং দেশে মাদক আসা ঠেকাতে এসব হামলা চালানো হচ্ছে। কিন্তু আইন বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক জলসীমায় এভাবে হামলা চালানোর আইনি অধিকার যুক্তরাষ্ট্রের নেই।অপরাধের অভিযোগ থাকলেও অভিযুক্তদের আইনি বিচার পাওয়ার অধিকার রয়েছে।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..