সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

একাত্তর বাদ দিলে দেশের অস্তিত্বই থাকবে না

অনলাইন ডেস্ক রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলনের শীর্ষ নেতারা। গতকাল দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৃথকভাবে তারা সাক্ষাৎ করেন।এসময় তারেক রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধই বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ভিত্তি। একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্বই থাকবে না।সাম্প্রতিক অভ্যুত্থানের পর দেশে যে নতুন রাজনৈতিক বাস্তবতা ও সম্ভাবনার সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে সরকার, বিরোধী দলসহ সবাইকে একসঙ্গে দেশকে এগিয়ে নিতে হবে।’বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে বাম গণতান্ত্রিক জোটের নেতারা প্রথমে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করেন। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিএনপির পক্ষে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাম গণতান্ত্রিক জোটের পক্ষে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্কাফী রতন, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ ও সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।এ সময় তারেক রহমান আরো বলেন, ‘একাত্তরের চেতনা, নব্বইয়ের গণ অভ্যুত্থান এবং চব্বিশের ছাত্র-জনতার বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমাদের সমাজে আস্তিক-নাস্তিক, বিশ্বাসী-অবিশ্বাসী বা সংশয়বাদী-সবাই থাকবে। সবাইকে নিয়ে আমরা একটি উদার গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে চাই।’ সাক্ষাৎ শেষে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ সাংবাদিকদের বলেন, ‘মূলত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে সান্ত্বনা জানাতে এবং শোকবইয়ে সই করতে আমরা এখানে এসেছিলাম।
গণসংহতি আন্দোলনের নেতাদের বৈঠক : গতকাল দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। এসময় গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এবং রাজনৈতিক পর্ষদের সদস্য তাসলিমা আখতারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে গণসংহতি আন্দোলনের নেতারা বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে সমবেদনা জানান। পাশাপাশি দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।নাগরিক ঐক্য : বিকালে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এ ছাড়াও তাদের মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে শোকবইয়ে স্বাক্ষর করেন। ডা. মুস্তাফিজুর রহমান ইরান তার প্রতিনিধিদল নিয়ে তারেক রহমানের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102