শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

ট্রাম্পের নামে হবে হায়দরাবাদের সড়ক, বিজেপির প্রতিক্রিয়া

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি হায়দরাবাদের একটি প্রধান সড়কের নাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নামে রাখার প্রস্তাব দিয়েছেন। একে স্পষ্টতই ‘তেলেঙ্গানা রাইজিং গ্লোবাল সামিট’-এর আগে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে নেয়া উদ্যোগ বলে মনে করা হচ্ছে। এই সামিটকে সামনে রেখে রাজ্য সরকার নানা পরিকল্পনা করছে।

এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি বলছে, শহরে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট জেনারেলের পাশ দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সড়কটির নাম ‘ডনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ রাখা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তাদের মতে, যুক্তরাষ্ট্রের বাইরে কোনো কর্মরত মার্কিন প্রেসিডেন্টের নামে রাস্তা রাখার ঘটনা এটি সম্ভবত প্রথম। তবে রাজ্যের এই নামকরণের উদ্যোগ কেবল রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে সীমাবদ্ধ নয়। হায়দরাবাদকে প্রযুক্তি নগরী হিসেবে গড়ে তুলতে যেসব বৈশ্বিক ব্যবসা ও প্রযুক্তি প্রতিষ্ঠান ভূমিকা রেখেছে, তাদেরও সম্মান জানানো হচ্ছে। এর অংশ হিসেবে একটি প্রধান সড়কের নাম ‘গুগল স্ট্রিট’ রাখার পরিকল্পনা রয়েছে। কারণ গুগলের বৃহৎ বিনিয়োগ ও কার্যক্রম শহরে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। এছাড়াও ‘মাইক্রোসফট রোড’ এবং ‘উইপ্রো জংশন’ নামও বিবেচনায় রয়েছে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, নেহরু আউটার রিং রোডের রাভিরিয়ালা অংশ থেকে প্রস্তাবিত ফিউচার সিটি পর্যন্ত যুক্ত হবে যে ১০০ মিটার প্রশস্ত গ্রিনফিল্ড রেডিয়াল রোড, তার নাম রাখা হবে পদ্মভূষণ রতন টাটা’র নামে।

রাভিরিয়ালা ইন্টারচেঞ্জের নাম ইতিমধ্যেই ‘টাটা ইন্টারচেঞ্জ’ রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী রেড্ডি বলেন, বৈশ্বিক প্রভাবশালী ব্যক্তিত্ব ও বড় কর্পোরেশনের নামে রাস্তার নামকরণে দ্বৈত সুফল আছে। এগুলো সম্মান প্রদর্শনের পাশাপাশি যাতায়াতকারীদের অনুপ্রাণিত করবে এবং একই সঙ্গে হায়দরাবাদের আন্তর্জাতিক পরিচিতি আরও উজ্জ্বল করবে।

এদিকে রেড্ডির এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা বান্দি সঞ্জয় কুমার। তিনি বলেছেন, হায়দরাবাদের নাম বদলাতে চাইলে প্রথমে শহরটির ঐতিহাসিক নাম ‘ভাগ্যানগর’ ফেরানো উচিত। তিনি এক্সে লিখেছেন, যদি কংগ্রেস সরকার এতই নাম বদলাতে আগ্রহী হয়, তবে এমন কিছু দিয়ে শুরু করা উচিত যার ইতিহাস ও মানে আছে। রেভন্ত রেড্ডি এখন ‘যে কেউ ট্রেন্ড করছে তার’ নামে জায়গার নামকরণ করছেন বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও যোগ করেন, সরকারকে প্রশ্ন করা, মানুষের প্রকৃত সমস্যাগুলো নিয়ে রাস্তায় নামা এবং মহাধর্নার মতো আন্দোলন করার কাজ কেবল বিজেপিই করছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102