সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেনিনের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ—স্বাভাবিকভাবেই দিনটি হওয়ার কথা আবেগের। বুয়েনস এইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে সেই ম্যাচ ঘিরে আর্জেন্টিনায় চলছে ব্যাপক প্রস্তুতি।

কিন্তু এই আবহের ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে অতিথি দল বেনিন শিবিরে। একের পর এক লজিস্টিক ও সুযোগ-সুবিধার সমস্যার অভিযোগ তুলেছে আফ্রিকার দেশটি।

বেনিনের অভিযোগের পাহাড় প্রথমে সামনে আনে আফ্রিকান সংবাদমাধ্যম মেগা স্পোর্টস মিডিয়া। পরে ফরাসি সাংবাদিক রোমাঁ মোলিনাও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরেন।

মেগা স্পোর্টস মিডিয়ার তথ্য অনুযায়ী, বেনিন দলকে বাণিজ্যিক ফ্লাইটে প্রায় ২৫ ঘণ্টা ভ্রমণ করে আর্জেন্টিনায় পৌঁছাতে হয়েছে। দীর্ঘ এই যাত্রায় দলের একজন ভিডিও বিশ্লেষক মাথা ঘুরে পড়ে যান। কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে।

ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়েন জানিয়েছে, বিজনেস ক্লাসে দীর্ঘ ভ্রমণের পর ওই ভিডিও বিশ্লেষক অসুস্থ হয়ে পড়েন এবং কিছু সময়ের জন্য জ্ঞান হারান।

আর্জেন্টিনায় পৌঁছানোর পরও বেনিনের সমস্যা শেষ হয়নি বলে জানিয়েছে মেগা স্পোর্টস মিডিয়া। তাদের প্রতিবেদনে উঠে এসেছে বেশ কিছু অভিযোগ—

এক তলায় গরম পানি নেই : বেনিনের খেলোয়াড়দের জন্য নির্ধারিত হোটেলের প্রথম তলায় গরম পানির ব্যবস্থা ছিল না।

সনা বন্ধ : হোটেলের সনা বা বাষ্পস্নানের সুবিধাটিও অচল ছিল।

জিমে সরঞ্জামের সংকট : বেনিনের মতো পেশাদার একটি ফুটবল দলের জন্য জিমে ছিল মাত্র দুটি ট্রেডমিল ও দুটি স্টেশনারি বাইসাইকেল।

দলের সরঞ্জাম পৌঁছায়নি : বেনিন থেকে পাঠানো প্রয়োজনীয় কিছু সরঞ্জাম এখনো আর্জেন্টিনায় পৌঁছায়নি।

তিন খেলোয়াড় অনুপস্থিত : প্রতিবেদন অনুযায়ী, দলের তিন খেলোয়াড় তখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি।

কৃত্রিম টার্ফে অনুশীলন : বেনিন দলকে কৃত্রিম টার্ফে অনুশীলন করতে হচ্ছে। অথচ মনুমেন্তাল স্টেডিয়ামের মাঠ হাইব্রিড গ্রাসের।

আদর্শ প্রস্তুতির ধারেকাছেও নেই

মেগা স্পোর্টস মিডিয়ার প্রতিবেদনে বেনিনের প্রস্তুতির পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, মেসির বিদায়ি ম্যাচের আগে দলটি আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রয়োজনীয় আদর্শ পরিবেশ থেকে অনেক দূরে।

প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, দলের অনুশীলনের পরিবেশও খুব একটা স্বস্তিদায়ক নয়। পেশাদার একটি দলের জন্য জিমের সরঞ্জামকে অপ্রতুল হিসেবে তুলে ধরা হয়েছে এবং সনা বন্ধ থাকার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

প্রশ্ন উঠেছে ম্যাচের অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়েও

বিষয়টি শুধু হোটেল বা ভ্রমণের সমস্যায় সীমাবদ্ধ নেই। ফরাসি সাংবাদিক রোমাঁ মোলিনা প্রশ্ন তুলেছেন ম্যাচটির আর্থিক ব্যবস্থাপনা নিয়েও।

মোলিনার কথা, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) যদি মেসির বিদায়ি ম্যাচের পুরো রাজস্ব পায়, তাহলে বেনিন কেন টাকা পাবে না?’

মেসির বিদায়ের আগে অস্বস্তি মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ নিয়ে আর্জেন্টিনায় যে উন্মাদনা, তার প্রমাণ মিলছে টিকিট বিক্রিতেও। বেনিনের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রি শুরুর দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে।

এর আগে আর্জেন্টিনায় বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে বুরকিনা ফাসোও যেন ফেঁসে গিয়েছিল। ম্যাচ শুরুর মাত্র ৬ ঘণ্টা আগে আর্জেন্টিনায় পৌঁছেছিল পশ্চিম আফ্রিকার দলটি। মূল খেলোয়াড়রা ঘুরপথে আর্জেন্টিনায় যেতে রাজি না হওয়ায় অনূর্ধ্ব-২৩ দলকে জাতীয় দল বানিয়ে খেলতে হয়েছিল। এবার বেনিনের অভিযোগের পাহাড় আর্জেন্টিনার আয়োজন নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102