যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, ‘ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুন্না বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট বাহিনীর দোসর ও গুপ্তরা’ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এসব ‘অপশক্তির’ বিরুদ্ধে সিলেটের রাজপথে অতীতের মতো সোচ্চার ভূমিকা রাখতে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলন ও ১৭ বছর ধরে ‘গণহত্যার’ দায় এবং সিলেটের কৃতী সন্তান এম. ইলিয়াস আলীসহ রাজনৈতিক নেতাকর্মীদের গুম-খুনের ঘটনায় শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে।
মুন্না আরো বলেন, একাত্তর ও চব্বিশের ‘পরাজিত শত্রুরা’ বাংলাদেশের ভালো চায় না। তাদের বিরুদ্ধে দেশপ্রেমিক জনতাকে সঙ্গে নিয়ে তারেক রহমানের সরকারের হাত শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। এ সময় আরো বক্তব্য দেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক, সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদসহ প্রমুখ।