রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২২

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জে মাদক কারবারি, মাদকসেবী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে জেলা পুলিশ। অভিযানের প্রথম দিনেই ২৪ ঘণ্টায় জেলার সাতটি থানায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সারাদিন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপারের নির্দেশনায় জেলার সাত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ সদস্যদের সমন্বয়ে দিনব্যাপী অভিযান চলে।

বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, কিশোর গ্যাং, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে।

অভিযানে গ্রেপ্তার ১২২ জনকে রবিবার আদালতে সোপর্দ করা হবে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, জেলায় অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। মাদক কারবারি, মাদকসেবী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, নিরাপদ নারায়ণগঞ্জ গড়তে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতাও প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102