নারায়ণগঞ্জের বন্দরে একটি ভাড়া বাসায় গ্যাসের লাইন লিকেজের আগুনে দগ্ধ হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। গত বুধবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে খোকন সরকার মারা যায়।
তার মৃত্যুর ছয় ঘন্টা পর তার স্ত্রী ফজিলত বেগমের মৃত্যু হয়।
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন করুণ মৃত্যুতে কুমিল্লার দেবিদ্বারের উজানীকান্দি ও উজানীজোড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত খোকন সরকার (৫৪) কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানীকান্দি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে এবং ফজিলত বেগম (৪০) একই ইউনিয়নের উজানীজোড়া গ্রামের নানু মিয়া খন্দকারের মেয়ে।
স্বামী-স্ত্রী দুজনই নারায়ণগঞ্জের মদনপুর এলাকার জাহীন গার্মেন্টসে কাজ করে সংসার চালাতেন।
তাদের ইউসুফ সরকার ও খাদিজা আক্তার নামে দুই সন্তান রয়েছে। ঘটনার সময় তারা গ্রামের বাড়িতে ছিলেন ।
পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জের বন্দর থানার মুরাদপুর এলাকার একটি ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে যায়। এতে গুরুতর দগ্ধ হন খোকন-ফজিলত দম্পতি।
তাৎক্ষণিক তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চারদিন আইসিইউতে চিকিৎসার পর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে খোকন সরকারের মৃত্যু হয়। পরদিন বুধবার সকালে তার মরদেহ দেবিদ্বারের উজানীকান্দি গ্রামের বাড়িতে আনা হয়। সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্বামীর দাফন শেষ হওয়ার মাত্র ছয় ঘণ্টা পর বুধবার বিকেল ৪টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্ত্রী ফজিলত বেগমও।
পরে বুধবার রাতে নিহত ফজিলতের মরদের গ্রামের বাড়ি উজানীজোড়া গ্রামে নিয়ে আসা হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তার জানাজা শেষে স্বামীর কবরের পাশেই দাফন করার কথা রয়েছে। স্বামীর দাফনের পরপরই স্ত্রীর মৃত্যুর খবর আসায় কুমিল্লার দেবিদ্বারে নেমে আসে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে গ্রামের পরিবেশ।
নিহতদের মেয়ে খাদিজা আক্তার কালের কণ্ঠকে বলেন, আমরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বাসা ভাড়ায় থাকতাম। ঘটনার সময় আমার ভাই ও আমি গ্রামে চলে আসি। শুক্রবার রাতে কেউ একজন ফোন করে আমার আব্বা-আম্মা দুইজনই আগুনে দগ্ধ হন। পরে আমরা ঢাকা মেডিক্যালে গিয়ে জানতে পারি আমার তারা দুইজনই বার্ন ইউনিটের আইসিউতে ভর্তি রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আমার আব্বা ও পরদিন বুধবার বিকাল ৪ টার দিকে আমার আম্মা মারা যায়।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, অগ্নিকাণ্ডে দেবিদ্বারের দুই পোশাকশ্রমিকের মৃত্যুর খবরটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমরা শোকাহত পরিবারের সঙ্গে দেখা করব এবং এই কঠিন সময়ে অসহায় পরিবারটির পাশে উপজেলা প্রশাসন আর্থিক সহযোগিতা করবে।