রাজধানীর উত্তরায় স্থায়ী মন্দিরের জন্য জায়গার দাবি জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় উত্তরা ১৭নং সেক্টরের বৃন্দাবন সার্বজনীন পূজা মণ্ডপে আয়োজিত উত্তরা সার্বজনীয় পূজা কমিটির ২০২৬-২০২৭ মেয়াদের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে সনাতন ধর্মালম্বীদের পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এস এম জাহাঙ্গীর একজন জনদরদী নেতা। তিনি এই এলাকার সনাতন ধর্মাবলম্বীদের জন্য মন্দিরের একটি স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেবেন বলে আমরা আশাবাদী।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো ধর্মভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী নয়। ভারতে একদল উগ্রবাদী যা করছে, তা মোটেও ভালো কিছু নয়। এর একটি নেতিবাচক প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। তবে আমাদের দেশের মুসলিম সম্প্রদায় অত্যন্ত শান্তিপ্রিয় এবং তারা এমন উগ্রবাদী আচরণ করে না।
আয়োজনে ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, উত্তরা সার্বজনীন মন্দিরের একটি স্থায়ী ও সুন্দর জায়গার ব্যবস্থা করতে আমি কাজ করে যাব। এই এলাকার সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো সুখে-দুঃখে আমি সবসময় পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।
এর আগে বক্তব্যে উত্তরা সার্বজনীয় পূজা কমিটির নবনির্বাচিত সভাপতির বক্তব্যে শ্রী নৃপেন্দ্র নাথ সিকদার বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সমাজ থেকে সব ধরনের ভেদাভেদ দূর করতে চাই। উত্তরায় সনাতন ধর্মাবলম্বীদের উপাসনার জন্য একটি স্থায়ী মন্দিরের দীর্ঘদিনের দাবি আমাদের। আমরা আশা করি, জনপ্রতিনিধি ও মন্ত্রী মহোদয় দ্রুত আমাদের এই প্রাণের দাবিটি বাস্তবায়নে এগিয়ে আসবেন।
তিনি আরও বলেন, নবগঠিত কার্যকরী পরিষদ আগামী দিনে এই এলাকার সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় এবং মন্দিরভিত্তিক কার্যক্রমে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।