বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে বিশ্ববাজারে একটি আধুনিক, টেকসই এবং উদ্ভাবন-নির্ভর খাত হিসেবে পুনর্প্রতিষ্ঠা করতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এই সহযোগিতার মূল লক্ষ্য হলো “From Factory Nation to Innovation Nation – Reimagining Bangladesh Apparel 2030” শীর্ষক কৌশলগত রূপকল্প বাস্তবায়ন করা । এই চুক্তির মাধ্যমে উভয় পক্ষ বাংলাদেশের পোশাক খাতকে আধুনিক, দায়িত্বশীল এবং সবুজ শিল্প হিসেবে বিশ্বব্যাপী তুলে ধরতে এবং শিল্পের ন্যারেটিভ রুপান্তরে একসাথে কাজ করবে ।
বিজিএমইএ এর সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান এবং বিবিএফ এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ এর পরিচালক শাহ রাঈদ চৌধুরী, ব্র্যান্ডিং সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান খান মনিরুল আলম (শুভ), প্রচার ও প্রকাশনা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মাসুদ কবির এবং ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্ট সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এম সাজেদুল করিম।
সমঝোতা স্মারকের মূল দিকগুলো হলোঃ
• বাংলাদেশের পোশাক খাতকে ‘ফ্যাক্টরি নেশন’ থেকে ‘ইনোভেশন নেশন’এ রূপান্তরের লক্ষ্যে বৈশ্বিক প্রচার ও ব্র্যান্ডিং কৌশল তৈরি করা।
• তরুণ উদ্ভাবকদের সম্পৃক্ত করে শিল্পের মূল সমস্যা সমাধানের জন্য বিজিএমইএ’তে একটি বিশেষ ইনোভেশন ল্যাব স্থাপন করা।
• শিল্পে মধ্যম ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে এবং নারী নেতৃত্ব বিকাশে একটি ডেডিকেটেড লিডারশিপ একাডেমি চালু করা।
• মেধাবী তরুণ উদ্ভাবক ও শিক্ষার্থীদের এই শিল্পে ক্যারিয়ার গড়তে উৎসাহিত করার জন্য ইউথ ফেস্ট, ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম পরিচালনা ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা।
• পরিবেশবান্ধব কারখানার সাফল্য প্রচার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন নলেজ রিপোর্ট ও কেস স্টাডি তৈরি করা।
• বৈশ্বিক অবস্থান শক্তিশালী করতে জাপানি ব্র্যান্ডগুলোর সাথে গ্রিন ফ্যাক্টরিগুলোর সরাসরি সংযোগ স্থাপন করা এবং দুই দেশের ডিজাইনারদের সমন্বয়ে একটি বৈশ্বিক টেকসই ফ্যাশন ব্র্যান্ড তৈরি করা। পাশাপাশি, কান লায়ন্স এর মতো বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বিজিএমইএ এর উপস্থিতি নিশ্চিত করা, যাতে করে বিশ্ব জুড়ে বাংলাদেশ একটি আধুনিক ও পরিবেশবান্ধব পোশাক শিল্পের হাব হিসেবে পরিচিতি পায়।
• বিবিএফ এর বিভিন্ন সামিট এবং নিয়মিত প্ল্যাটফর্মগুলোতে অংশগ্রহণের মাধ্যমে বিজিএমইএ সদস্যদের আধুনিক ব্র্যান্ডিং, রিটেইল এবং ডিজিটাল মার্কেটিংয়ের অভিজ্ঞতা প্রদান করা।
সমঝোতা স্মারকের এর আওতায় বিবিএফ কৌশলগত ব্র্যান্ডিং পরামর্শ, নলেজ শেয়ারিং এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বিজিএমইএ’কে দৃশ্যমান করতে কাজ করবে। অন্যদিকে, বিজিএমইএ শিল্প সংক্রান্ত তথ্য, বিশেষজ্ঞ পরামর্শ এবং সদস্য প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগকে সফল করতে সহযোগিতা প্রদান করবে।
উভয় পক্ষ আশা করছে যে, দু বছর মেয়াদি এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের পোশাক খাতে বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে এবং ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ একটি বিশ্বমানের উদ্ভাবনী পোশাক হাব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।
মেজর মোঃ সাইফুল ইসলাম, পিএসসি, সিএসসিএম (অব.)
ভারপ্রাপ্ত সচিব, বিজিএমইএ