যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জন্মসূত্রে নাগরিকত্বের বিধানটি মূলত দাসদের সন্তানদের জন্য প্রণীত হয়েছিল, ‘ধনী’ অভিবাসীদের জন্য তাদের ‘পুরো পরিবারকে মার্কিন নাগরিক বানানোর’ উপায় হিসেবে নয়। এই মন্তব্য আসে এমন এক সময়, যখন দীর্ঘদিন ধরে চলা জন্মসূত্রে নাগরিকত্ব বিতর্ক পর্যালোচনায় নিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সম্মতি দিয়েছেন।মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে রিপাবলিকান নেতা ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল সংক্রান্ত তার নির্বাহী আদেশের পক্ষে সাফাই গেয়ে বলেন, সুপ্রিম কোর্টে তার প্রশাসন ওই মামলায় হেরে গেলে তা হবে ‘ধ্বংসাত্মক’।
ট্রাম্প বলেন, ‘মামলাটি অত্যন্ত আকর্ষণীয়, কারণ এই মামলাটি ছিল দাসদের সন্তানদের জন্য।আর যদি আপনি মামলার তারিখগুলো দেখেন, তবে এটি স্পষ্টভাবে গৃহযুদ্ধের সঙ্গে সম্পর্কিত। এই মামলাটি কোনো ধনী মানুষের জন্য ছিল না, যে অন্য দেশ থেকে এসে… পা রাখবে বা আমাদের দেশে একটু ঢুকবে, আর হঠাৎ করেই তার পুরো পরিবার, আপনি জানেন, যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে যাবে।’