বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পীকারের উড়াল সেতুতে মোটরসাইকেল থেকে পড়ে গাড়ির ধাক্কা, সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বাবু গ্রেপ্তার কওমি মহিলা মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীকে ধ’র্ষ’ণ, গ্রেপ্তার মাদ্রাসা পরিচালক নেত্রকোণার সেই ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘মদ খেয়ে’ হাসিনার নামে স্লোগান, আটক ৩

তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পীকারের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ঢাকা, ১১ নভেম্বর ২০২৬:

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, দেশের সামগ্রিক পরিবর্তন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ অত্যন্ত জরুরি। একটি সুন্দর, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের নেতৃত্ব দিতে হবে। শুধু পরিবর্তনের প্রত্যাশা করলেই হবে না, পরিবর্তন বাস্তবায়নে নিজেদের সম্পৃক্ত করতে হবে।

আজ বুধবার বাংলা একাডেমিতে আয়োজিত ‘তারুণ্যের ইশতেহার ২০২৬: হ্যাঁ, জয়যুক্ত হয়েছে’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পীকার বলেন, “আমরা চাই, আমাদের দেশ আমাদের মতো করে পরিচালিত হোক। আমরা চাই, আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। আমরা চাই, আমাদের দেশ যেন আমাদের কথাই বলে। এই প্রত্যাশা বাস্তবায়নে সর্বাগ্রে প্রয়োজন জনগণের অংশগ্রহণ।”

ডেপুটি স্পীকার আরও বলেন, দেশের সামগ্রিক পরিবর্তন ও সমাজের ইতিবাচক রূপান্তর ঘটাতে রাজনীতিতে অংশগ্রহণ অপরিহার্য। তরুণদের পেশ করা দাবিনামার ভাষা, উপস্থাপনা ও বক্তব্যের ধরণ কোনো সংসদ সদস্যের চেয়ে কম নয়। তাই উপস্থিত তরুণদের মধ্য থেকে অনেককেই রাজনীতিতে আসার এবং সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য, গত দেড় শতকে দেশের রাজনীতি কলুষিত হয়েছে। রাজনীতি আর আদর্শের জায়গায় নেই। চাঁদাবাজ, মাদকাসক্ত, বখাটে ও কর্মবিমুখ মানুষের হাতে রাজনৈতিক চালিকাশক্তি চলে গেছে। এই অবস্থা থেকে উত্তরণে সমাজের সুশিক্ষিত, মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে।
জুলাই-আগস্টের আন্দোলন প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, রক্তের দাগ এখনো শুকায়নি। প্রায় ১ হাজার ৪০০ মায়ের বুক খালি হয়েছে। স্বজন হারানো পরিবারের আহাজারি এখনো থামেনি। বিচার প্রক্রিয়াও এখনো সম্পন্ন হয়নি। অথচ ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। এ অবস্থায় তরুণ প্রজন্মের ঘরে বসে থাকার সুযোগ নেই।
ডেপুটি স্পীকার বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় তরুণরা কোনো রাজনৈতিক দলের পরিচয় বা আহ্বানের অপেক্ষা করেননি। স্বতঃস্ফূর্তভাবে দেশমাতৃকাকে রক্ষা করতে, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, আইনের শাসন কায়েম করতে এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজপথে নেমেছিলেন। তাই এখনো ঐক্যবদ্ধ থেকে দেশ ও গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখতে হবে।
ডেপুটি স্পীকার আরও বলেন, “আমরা যদি অর্থবহ প্রভাব সৃষ্টি করতে না পারি, তাহলে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা রয়েছে। তাই তরুণদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশ গঠনে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”
তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তরুণদের নেতৃত্বেই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে এবং নতুন বাংলাদেশের অভ্যুদয় হয়েছে। এখন একটি অর্থবহ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে তরুণদের অংশীদার হতে হবে।
কায়সার কামাল আরও বলেন, তরুণরাই আমাদের দেশকে দ্বিতীয়বারের মতো উদ্ধার করেছে। কিন্তু দ্বিতীয়বার বাংলাদেশ গঠনের পরও কেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে? মত পার্থক্য থাকবে, গঠনমূলক সমালোচনাও থাকবে। তবে গণতন্ত্র ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণদের একটি অর্থবহ পরিবর্তন ও ইতিবাচক প্রভাব সৃষ্টি করতে হবে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে বিদ্যমান দুর্বৃত্তায়ন থেকে মুক্তি পেতে হলে সমাজের সুশিক্ষিত, সৎ ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষকে জনসেবা ও মানবকল্যাণে এগিয়ে আসতে হবে। অন্যথায় দেশ ও জাতির প্রকৃত মঙ্গল নিশ্চিত করা সম্ভব নয়।

ডেপুটি স্পীকার বলেন, আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’। এই কথাটিকে শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; এটি সবার হৃদয়ে ধারণ করতে হবে। সরকারি দল হোক কিংবা বিরোধী দল—সবার আগে বাংলাদেশ, এই চেতনাকে ধারণ করতে হবে। অন্যথায় দেশের অস্তিত্ব সংকটে পড়বে। আমরা চাই না, এ দেশের মাটিতে আবারও ফ্যাসিবাদের কোনো উপাদান ফিরে আসুক।

তিনি তরুণদের উদ্দেশে বলেন, বাংলাদেশ আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। এ অনুষ্ঠান থেকে ইতিবাচক বার্তা নিয়ে নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে দেশ গঠনে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করি।
আয়োজকদের এ ধরনের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, শুধু অনুষ্ঠান আয়োজন করেই ক্ষান্ত থাকলে চলবে না; এর ইতিবাচক প্রভাব সারা দেশে ছড়িয়ে দিতে হবে। আপনাদের অনেককেই আগামী জাতীয় সংসদে আসার জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদের দেশ আমাদেরই গড়ে তুলতে হবে। প্রত্যেকের অংশগ্রহণের মাধ্যমেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। একদিন আপনারাই আমাদের আসনে বসবেন এবং গর্ব করে বলবেন, আমরা একটি সুন্দর, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পেরেছি।

আইআইডিআরের নির্বাহী পরিচালক সাইয়িদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, মারদিয়া মমতাজ, আনিছুর রহমান, মাহমুদা হাবীবা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তরুণ সমাজের প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102