সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আনন্দমুখর পরিবেশে উত্তরায় বগুড়া অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন। বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন ও জ্বালানি ব্যবস্থাপনায় আধুনিকায়নের উদ্যোগ, পুনরায় কারিগরি সমীক্ষার নির্দেশনা তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র—স্পীকার যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যাচ্ছে উত্তরার দারুল আজহার মডেল মাদ্রাসা মিছিলের প্রস্তুতি করাকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর ০২ জন গ্রেফতার উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১ তুরাগে ছাত্রলীগের সাবেক সভাপতি শিপন গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ছুটি শেষে চেনা রূপে ঢাকা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

দীর্ঘ ছুটির পর সকাল থেকেই ঢাকার রাস্তায় বাড়তে থাকে যানবাহনের চাপ। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ভিড়ে ব্যস্ত হয়ে ওঠে সড়ক। বাসের জন্য অপেক্ষায় থাকেন যাত্রীরা। বাস এলেই ওঠার জন্য ভিড় করেন তারা। কোথাও যানজট, কোথাও গাড়ির হর্ন, আবার কোথাও রাস্তা পারাপারে ব্যস্ত পথচারী। সব মিলিয়ে ছুটি শেষে আবারও চেনা রূপে ফিরেছে ঢাকা।

দুর্গাপূজার পাঁচ দিনের দীর্ঘ ছুটি শেষে রবিবার (২৫ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর সড়কে দেখা গেছে কর্মব্যস্ততা। ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরেছেন নগরবাসী। অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য কাজে বের হওয়া মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে সড়ক ও ফুটপাত। সেই সঙ্গে বেড়েছে গণপরিবহনের যাত্রী, যানবাহনের চাপ এবং ভোগান্তি।

রবিবার সকালে রাজধানীর রামপুরা, হাতিরঝিল, বাড্ডা, মালিবাগ, মৌচাক ও পল্টন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। কোথাও বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের, কোথাও আবার ধীরগতিতে এগিয়েছে যানবাহন। ব্যস্ত সড়কে গাড়ির সারি আর ফুটপাত দিয়ে দ্রুতগতিতে হেঁটে চলা মানুষের দৃশ্য বলে দিচ্ছিল, ছুটির আমেজ পেছনে ফেলে আবারও চেনা কর্মব্যস্ততায় ফিরেছে ঢাকা।

সরেজমিনে দেখা যায়, সকাল ৮টার পর থেকেই সড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। রাস্তায় অফিসগামী মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকেন বাসের জন্য।

সিট না পেয়ে অনেকে দাঁড়িয়ে গন্তব্যে যাওয়ার জন্য বাসে উঠেন, বার অনেকে ভিড়ের জন্য উঠতে না পেরে পরের বাসের জন্য অপেক্ষা করেন। এদিকে যাত্রী ওঠানো নামানোর কারণে কোথাও কোথাও যানবাহনের গতি কমে আসে।
এদিকে রামপুরা ও বাড্ডা এলাকায় দেখা যায়, সকাল থেকেই ছিল কর্মজীবী মানুষের ব্যস্ততা। সড়কের এক পাশে বাসের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা, অন্য পাশে যানবাহনের দীর্ঘ সারি। ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা, রিকশা এবং মোটরসাইকেলের চলাচলও ছিল চোখে পড়ার মতো। সড়কে গাড়ির চাপ বাড়ায় অনেককে গন্তব্যে পৌঁছাতে বাড়তি সময় হাতে নিয়ে বের হতে হয়েছে।

হাতিরঝিল এলাকায়ও দেখা গেছে মানুষের কর্মস্থলে ফেরার ব্যস্ততা। কেউ হেঁটে, কেউ বাসে, আবার কেউ ব্যক্তিগত যানবাহনে ছুটছেন গন্তব্যের দিকে। সড়কে যানবাহনের চলাচল বাড়ায় বিভিন্ন স্থানে ধীরগতি তৈরি হয়। অন্যদিকে মালিবাগ ও মৌচাক এলাকায় অফিসগামী মানুষের ভিড়ের সঙ্গে যুক্ত হয় যানবাহনের চাপ। বাসের জন্য অপেক্ষা, গাড়ির হর্ন আর সড়কে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতায় ফিরে আসে রাজধানীর প্রতিদিনকার চিত্র।

পল্টন এলাকায়ও সকাল থেকে বাড়তে থাকে মানুষের চলাচল। অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানমুখী মানুষের ভিড়ে ফুটপাতগুলো হয়ে ওঠে ব্যস্ত। কেউ দ্রুত পায়ে হেঁটে যাচ্ছেন, কেউ রাস্তা পার হওয়ার সুযোগ খুঁজছেন। অন্যদিকে সড়কে যানবাহনের চাপ সামলাতে চালকদের সতর্কভাবে গাড়ি চালাতে দেখা যায়।

বাড্ডা এলাকায় কর্মরত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. দেলোয়ার বলেন, দীর্ঘ ছুটির পর আজ সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল। রাস্তায় অনেক গাড়ির চাপ ছিল। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রচুর যানজটও ছিল। তবে আমরা পরিস্থিতি সামাল দিয়েছি। এখন চাপ কমেছে, তেমন একটা যানজট নেই।

দুর্গাপূজার ছুটিতে রাজধানীর সড়কে তুলনামূলক স্বস্তি থাকলেও ছুটি শেষে সেই চিত্র বদলে গেছে। কর্মস্থলে ফেরা মানুষের সঙ্গে বেড়েছে গণপরিবহনের যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চলাচল। সকালবেলার ব্যস্ত সময়ে সড়কে তৈরি হয়েছে যানজট, বাসে দেখা গেছে যাত্রীদের ভিড়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102