ঢাকার কয়েকটি এলাকায় আজ বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ডেমরা ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপনের কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভালভ প্রতিস্থাপনের কাজের জন্য বুধবার নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলোর প্রায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস সরবরাহ বন্ধ থাকার আওতাভুক্ত এলাকাগুলো হলো বেঙ্গল গ্লাস, শুকরশী, শিমরাইল এবং শীতলক্ষ্যা নদীর পশ্চিমাংশের সান্দিরা বালুঘাট থেকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশের এলাকা। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।